২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দলের মহাসচিবদের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

দুই দিনের কর্মসূচি বাস্তবায়নে জরুরি বৈঠক করেছে আঠারো দলীয় জোট। বুধবার রাতে জোটের মহাসচিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠকের পর দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, আগামী ১১ জানুয়ারি কালো পতাকা মিছিল এবং ১৫ জানুয়ারি মানবপ্রাচীর কর্মসূচি সফল করার বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। এই কর্মসূচি আমরা সর্বাত্মকভাবে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি।

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত ‘অবৈধ’ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার প্রতিবাদে কালো পতাকা মিছিল এবং নির্দলীয় সরকারের দাবিতে জনমত গঠনের লক্ষে ১৫ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে মানবপ্রাচীর করবে ১৮ দলীয় জোট।

১১ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলটি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল ৩টায় শুরু হবে। মিছিলে সম্ভাব্য একটি রুটও ঠিক করা হয়েছে।

একই ভাবে মহাখালী থেকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত বিএনপিসহ জোটের নেতা-কর্মীরা হাতে হাত রেখে দীর্ঘ মানবপ্রাচীর গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সাদেক হোসেন খোকা, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মাসুদ, কবির আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মুফতি মুহাম্মদ ফয়েজুল্লাহ, খেলাফত মজলিশেল মাওলানা শফিক উদ্দিন, জমিয়তে উলামা ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জাগপা‘র খোন্দকার লুৎফুর রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আলমগীর মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, ন্যাপ এর গোলাম মোস্তফা ভুঁইয়া, ন্যাপ ভাসানীর হাসরত খান ভাসানী, ইসলামিক পার্টির এম এ রশিদ প্রধান,  প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

ইসলামী ঐক্যজোটের নতুন আমীর হিসেবে আবদুল লতিফ নেজামী দায়িত্ব গ্রহণ করে পরিচিত হতে মহাসচিবদের বৈঠকে যোগ দেন।