ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিবিদদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এখন সোচ্চার, তারাও রেহাই পাবেন না।
শনিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোর সৌজন্য সাক্ষাতের শুরুতে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “যে জুলুম অত্যাচার হয়েছিল, আপনাদের অনেকের হয়ত সেটা মনে আছে। আমরা রাজনীতিবিদরা তো জেলে যাবই, তবে কেউ রেহাই পাবে না। যারা এজন্য সোচ্চার তারাও রেহাই পাবে না।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করে। এর ফলে বর্তমানে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে।
তবে আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না- এই দাবি করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপিসহ বিরোধী দল।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ঠেকিয়েছি। যে ভূত চেপে বসেছিল তা এখনও বিলীন হয়ে যায়নি। যারা বিগত তত্ত্বাবধায়কের সময় তাদের পক্ষে সোচ্চার ছিলেন, তারাই এখন আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিদ্যুৎখাতে দুরবস্থার চিত্র তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, “ওই সময়তো সুশীল সমাজের উচ্চ শ্রেণির লোকেরা তখন সেনা শাসিত সরকারের ক্ষমতায় ছিল। কিন্তু সে সময়তো তারা বাড়তি এক মেগাওয়াট বিদ্যুৎও জাতীয় গ্রিডে যোগ করতে পারেনি।”
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে জনগণের জন্য কাজ করে।
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার এবং পরবর্তীতে দু’দফা তত্ত্বাবধায়ক সরকারের সময় মিলিয়ে মোট সাত বছরের সঙ্গে আওয়ামী লীগের সাড়ে তিন বছরের উন্নয়ন কর্মকা-ের তুলনা জনগণের সামনে তুলে ধরার জন্য দলীয় নেতাদের প্রতি আহবান জানান আওয়ামী লীগ সভনেত্রী।
কৃষি, শিক্ষা, খাদ্য, বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে সুশাসন নিশ্চিত করতে সক্ষম হয়েছি বলেই এই অর্জন সক্ষম হয়েছে।”
মহাজোট সরকারের সময়ে উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে পাঁচ হাজারের বেশি নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এতো শান্তিপূর্ণ নির্বাচন কখনো হয়নি। আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি। আমরা কোনো নির্বাচনে হস্তক্ষেপ করিনি। যে যাকে খুশি ভোট দিয়েছে। কেউ একটুও অভিযোগ আনতে পারেনি।”
“জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে নিশ্চিত করতে সক্ষম হয়েছি,” বলেন প্রধানমন্ত্রী।
গণমাধ্যমে বিকৃতভাবে সংবাদ প্রচার করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “একেক সময়ে একেক নিউজ লেখা হয়। একেক জন মানুষকে ভিকটিমাইজড করা হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৮৪৩ ঘ.
bdnews24