গাজীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের আওয়ামী লীগ নেতা নারায়ণ চন্দ্র মল্লিকের খুনীদের গ্রেপ্তার এবং নিজেদের নিরাপত্তা দাবি করেছেন স্বজনরা।
গাজীপুর সিটি প্রেসক্লাবে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তারা এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে ‘ভূমিদস্যু’ দেলোয়ার দীর্ঘদিন ধরে যাবৎ বাসন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিককে হুমকি দিচ্ছিলেন।
গত ১৮ অগাস্ট রাতে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা নারায়ণকে কুপিয়ে আহত করে। ঢাকার পঙ্গু হাসপাতালে ২১ অগাস্ট তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে রুমা মল্লিক বাদী হয়ে আট জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
আসামিদের অন্যতম হলেন টঙ্গীর দত্তপাড়া এলাকার প্রয়াত লাল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।
এদিকে মামলা প্রত্যাহরের জন্য দেলোয়ারের দুই ছেলে নজরুল ও ইউসুফ নিহতের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছেন। তাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের স্বজনরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণ মল্লিকের মেয়ে রুমা মল্লিক, সোমা মল্লিক, তমা মল্লিক, ছেলে অশোক কুমার মল্লিক পাপ্পু এবং নারায়ণের ছোট ভাই রমেশ চন্দ্র মল্লিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২০ ঘ.
bdnews24