২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের অভিযান এবং স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

বরিশালে র‌্যাবের অভিযানের সময় মারা গেছেন সরকার সমর্থক স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

বরিশাল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে র‌্যাবের অভিযানের সময় মারা গেছেন সরকার সমর্থক স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতা। রোববার রাতে মারা যাওয়া শাহবুদ্দিন খান সাবু (৫০) নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কোস্টাল বরফকল এলাকার মৃত বারেক খানের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলে জানিয়েছেন আহবায়ক আজিজুর রহমান শাহীন। সাবুর পরিবারের দাবি, অভিযানের সময় মারধরে মৃত্যু হয়েছে হৃদরোগী সাবুর। অন্যদিকে র‌্যাব বলছে, সাবুর প্রতিবেশীর বাড়িতে তাকে অসুস্থ অবস্থায় পেয়েছিলেন তারা। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। সাবু ইয়াবা বিক্রিতে জড়িত বলে র‌্যাবের দাবি। কিছুদিন আগে একটি ১১টি ইয়াবা বড়িসহ র‌্যাব তাকে আটক করেছিল। ওই ঘটনার করা মামলায় একমাস কারাগারে থেকে সাবু জামিনে বেরিয়েছিলেন। রোববার সন্ধ্যায় নগরীর রাজা বাহাদুর সড়কের গণপূর্ত বিভাগের পুকুর পাড়ের ফুটপাত থেকে ৩০০টি ইয়াবা বড়িসহ রফিকুল ইসলাম মনু নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। ওই ইয়াবা বড়িগুলো সাবু দিয়েছিল বলে মনু র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার ভিত্তিতে রাত ৮টার দিকে বরফকল এলাকায় সাবুর বাড়িতে অভিযান চালানো হয় বলে র‌্যাব-৮ এর ১ নম্বর কোম্পানি কমান্ডার মেজর রাশেদুল হাসান খান জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাব তল্লাশি করতে গেলে সাবুর স্ত্রী রাশিদা বেগম বলেন, তার (সাবু) হার্টে ব্লক হয়েছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসকদের পরামর্শে ঢাকা নেওয়ার জন্য হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে।” ওই সময় সাবু বাড়িতে না থাকায় তার কারণ জানতে চাইলে রাশিদা র‌্যাবকে জানান, তার স্বামী চিকিৎসকের কাছে গেছেন। মেজর রাশেদ বলেন, তারা বেরিয়ে আসার সময় খবর পান সাবু পাশের একটি বাড়িতে আত্মগোপন করেছেন। মেজর রাশেদ বলেন, “সেখানে গিয়ে সাবুকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।” তিনি জানান, সাবুকে খুঁজতে পাশের বাড়িতে যাওয়ার সময় নগরীর বাঁধ রোডের প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কের ব্যবস্থাপক মো. সোহরাব, বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরনের একান্ত সহকারী এ্যাড. মঞ্জু ও আওয়ামী লীগ নেতা মো. কালুসহ কয়েকজনও র‌্যাবের সঙ্গে ছিলেন। সাবুর বোন আলমতাজ বেগম অভিযোগ করেন, সাবু যে বাড়িতে ছিলেন র‌্যাব সে বাড়িটি ঘিরে রাখে। কাউকে সেখানে যেতে দেয়নি। “এক ঘণ্টা পর আমি জোর করে ভেতরে ঢুকি। সেখানে গিয়ে দেখি, আমার ভাই মেঝেতে পড়ে রয়েছে। তার মুখ থেকে ফেনা বের হচ্ছে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। আলমতাজ ও সাবুর স্ত্রী রাশিদার অভিযোগ, ওই বাড়িতে সাবুর ওপর নির্যাতন চালানো চালানো হয়। এই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে উত্তর দেননি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫২ ঘ.