লন্ডন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের বিরোধীদলীয় নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন।
লেবার পার্টির নেতা মিলিব্যান্ড শুক্রবার দুপুরে হোটেল সেন্ট প্যানক্রসের কক্ষে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান।
মিলিব্যান্ডের সঙ্গে ছিলেন, লেবার পার্টির আরেক নেতা ডগলাস আলেক্সান্ডার এবং বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলি।
প্রেস সচিব জানান, মিলিব্যান্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে দুই দেশের সংসদীয় ব্যবস্থা ছাড়াও দুই দেশের সম্পর্কের বিষয়েও আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, তার দল এবং লেবার পার্টির মধ্যের ভালো সম্পর্ক রয়েছে।
এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচন নিয়েও আলোচনা হয়।
নবম জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের সহায়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওই নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছিল এবং এই ধারা আগমী নির্বাচনগুলোতেও অব্যাহত থাকবে।
শেখ হাসিনা বলেন, তার সরকারের সময়ে নির্বাচনগুলো গণতান্ত্রিক ধারায় হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সামরিক শাসন থাকায় কাঙ্খিত উন্নয়ন না হওয়ার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
শিক্ষা, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নের কথাও এ সময় শেখ হাসিনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম সাইদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
এর আগে, সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন।
লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২০১৩ ঘ.
bdnews24