ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণ নিয়ে সরকারের ‘দ্বৈতনীতিতে’ জনগণ বিভ্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বন্ধবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই নেতাকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
এর আগে বুধবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ থেকে সরকার সরে আসেনি।
তিনি বলেন, “নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হচ্ছে। আমাদের যে উদ্যোগ- তাতে ভাটা পড়েনি।”
বিশ্ব ব্যাংক ঋণ বাতিলের সিদ্ধান্ত পাল্টে পদ্মা সেতুতে অর্থায়ন করলে সেটা তারা ‘নিজেদের বিবেচনায়’ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, “এটা তাদের বিবেচনা। আর এটা ভুল ধারণা, আমরা পিছু হটিনি। আমরা পিছু হটবো না।”
মির্জা ফখরুল বলেন, “মন্ত্রিসভা থেকে আবুল হোসেনের পদত্যাগের পর একদিকে সরকার পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি পুনঃমূল্যায়নের জন্য কাজ করছে। অন্যদিকে তারা (সরকার) নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণে সারাদেশে চাঁদা আদায় করে চলেছে। এরকম দ্বৈতনীতির মাধ্যমে সরকার মূলত জনগণকে বিভ্রান্ত করছে।’’
পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন। এজন্য অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহেরও সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে।
সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের প্রশংসা করে প্রধানমন্ত্রী লন্ডনে যে বক্তব্য রেখেছেন তার জবাবে মির্জা ফখরুল বলেন, দেশপ্রেমিকের সংজ্ঞা কী তা ব্যাখ্যা করা কঠিন।
এ প্রসঙ্গে তিনি এও দাবি করেন যে, সৈয়দ আবুল হোসেন ১৯৯৬ সালেও বেআইনি কাজের জন্য মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এবারও তাকে শেষমেষ দুর্নীতির কারণেই পদত্যাগ করতে হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ায় সৈয়দ আবুল হোসেনের প্রশংসা করে বুধবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “তার (আবুল হোসেন) গাটস্ আছে বলেই রিজাইন দিতে পেরেছে। দেশপ্রেম আছে বলেই রিজাইন দিয়েছে।”
দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ছাত্রদল নেতা জাহিদ হাসান ও রায়হান মাহী হোসেনকে দেখতে যান মির্জা ফখরুল। এ সময়ে ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম উপস্থিত ছিলেন।
গত ২৪ জুলাই বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় এই দুই ছাত্রদল নেতাকে ঢাকায় ভর্তি করা হয়। গত ২৩ জুলাই বগুড়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে পঞ্চম বর্ষের ছাত্র জাহিদ ও রায়হান মাহী গুরুতর আহত হন।
পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করেন এই বিএনপি নেতা।
মির্জা ফখরুল বলেন, বিএনপি আগেই বলেছিল বিশ্বব্যাংকের ঋণ ছাড়া বাংলাদেশের মতো দেশের পক্ষে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হবে না। ৯ মাস আগে বিশ্বব্যাংক এই প্রকল্পে দুর্নীতির কথা সরকারকে অবহিত করলেও তারা কর্ণপাত করেনি। বিশ্বব্যাংক যে মন্ত্রীকে সরিয়ে দিতে বলেছিলো, শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন। এ থেকে এটাই প্রমাণিত হয় - ওই প্রকল্পে দুর্নীতি হয়েছে।
“কিন্তু ঋণচুক্তি বাতিলের পর বিশ্বব্যাংক সম্পর্কে সরকার প্রধানসহ মন্ত্রীদের নানা বক্তব্য থেকে বোঝা যায়, তারা বালখিল্য আচরণ করেছে। এখন আবার সরকার বলছে, বিশ্বব্যাংকের শর্ত মেনে নেয়া হয়েছে।”
তিনি প্রশ্ন রাখেন- পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি পুনঃমূল্যায়ন হলে অন্য উপায়ে অর্থ সংগ্রহ কেন করা হচ্ছে?
পদ্মা সেতু নির্মাণে সারচার্জ আরোপ করা হলে এতে দেশের অর্থনীতি ও জনগণের ওপর চাপ বাড়বে বলেও মনে করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭২৮ ঘ.
bdnews24