২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে লড়ে খালেদাকে হারাতে চাই: হাজারী

রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয় ফেনীর বিতর্কিত আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হাজারী আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

কুমিল্লা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয় ফেনীর বিতর্কিত আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হাজারী আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে এবার নিজের আসনে নয়, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। তার লক্ষ্য, ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে কখনো না হারা বিএনপি চেয়ারপারসনকে পরাজিত করা। ১৯৮৬ সালে করা একটি হত্যামামলায় খালাস পেয়ে সোমবার কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বহু ঘটনায় বিতর্কিত জয়নাল হাজারী। বাখরাবাদ গ্যাস সিস্টেমসের ফেনী কার্যালয়ের সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যামামলায় হাজারীসহ সাতজন ছিলেন আসামি। ২৫ বছর পর রায়ে বেকসুর খালাস পান সাবেক এই সংসদ সদস্য। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই মামলা হয়েছিল দাবি করে জয়নাল হাজারী বলেন, “জাতীয় পার্টির মন্ত্রী জাফর ইমাম আমাকে ফাঁসাতে এই মামলা করেছিল। এই মামলায় বিএনপি আমাকে ফাঁসি দিতে চেয়েছিল।” এই মামলার বিষয়বস্তু নিয়ে একটি বই লিখছেন জানিয়ে তিনি বলেন, আগামী একুশের বই মেলায় তা প্রকাশ করা হবে। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ জানিয়ে জয়নাল হাজারী বলেন, “সভানেত্রীকে (শেখ হাসিনা) বলেছি, খালেদা জিয়ার সঙ্গে আমি নির্বাচন করতে চাই। খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে কোনোবারই পরাজিত হননি, আমি তাকে পরাজিত করতে চাই। “আমি চ্যালেঞ্জ করে বলছি, নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনে বিজয়ী হব।” রাজনীতিতে এখন নিষ্ক্রিয় থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীর নির্দেশে চুপচাপ আছি। ঈদের পর আমাকে কেন্দ্রীয় আওয়ামী লীগে স্থান দেওয়া হতে পারে। আর সরব হলে আমার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যায়, তাতে আমার দল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।” ১৯৯৬-২০০১ মেয়াদে সংসদ সদস্য থাকাকালে এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিকসহ বহু মানুষকে নির্যাতনের অভিযোগ ওঠে জয়নাল হাজারীর বিরুদ্ধে। জয়নাল হাজারীর ‘সন্ত্রাস’ ২০০১ সালে আওয়ামী লীগের পরাজয়ের অন্যতম কারণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। সাংবাদিক নির্যাতনের অভিযোগের বিষয়ে জয়নাল হাজারী বলেন, “কোনো পাগল ছাড়া বিনা কারণে কেউ কাউকে আক্রমণ করে না। আমি তো পাগল নই, সংসদ সদস্য ছিলাম। সাংবাদিক টিপু সুলতান আমার কোনো ক্ষতি করেনি, আমার বিরুদ্ধে লেখেনি। আমি কেন তার ওপর হামলা করব। “টিপুর বিষয়টি নিয়ে আমাকে রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে প্রথম আলো আমার বিরুদ্ধে ৬ মাস লিখেছিল।” সংবাদ সম্মেলনে দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধেও কথা বলেন বিতর্কিত এই রাজনীতিক। তিনি বলেন, ““আমার বিরুদ্ধে লিখে তাদের সার্কুলেশন বেড়ে গিয়েছিল। তারা লিখেছে, আমি নাকি কোন মেয়ের সঙ্গে খারাপ আচরণ করেছি। টাকা-পয়সা খরচ করলে এগুলো কোনো ব্যাপার?” সাংবাদিকদের লেখালেখির কারণেই এখন সৈয়দ আবুল হোসেন ‘ধরাশায়ী’ বলে তিনি মন্তব্য করেন। নিজেকে সাংবাদিক দাবি করে তার প্রমাণ হিসেবে অ্যাক্রিডিটেশন কার্ডও সংবাদ সম্মেলনে দেখান জয়নাল হাজারী। “বাংলাদেশে কয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড আছে,” প্রশ্ন রাখেন দৈনিক হাজারিকার সম্পাদক। নিজেকে সদ্যপ্রয়াত লেখক হুমায়ূন আহমেদের অনুরাগী হিসেবে পরিচয় দিয়ে জয়নাল হাজারী বলেন, “শুধু মামলার কারণে আমি তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারলাম না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৪ ঘ.