নেত্রকোনা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে শনিবার সন্ধ্যায় চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে মিছিল করার চেষ্টা করলে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন মোহনগঞ্জের রাঘান গ্রামের হামিদ মিয়া (১৭), রাজজীবনপুরের নাজনুন (২২), সিয়াধারের হামিদুল্লাহ (২৭) এবং পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের রাহুল (১৮)।
মোহনগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে মিছিলের চেষ্টা করায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা শিবিরের সাবেক সভাপতি আবু হোরায়রা মিলকী বলেন, পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে মিছিলের চেষ্টা করলে তাদের পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৭ ঘ.
bdnews24