ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্য পদ থেকে ইস্তফার পর তানজিম আহমেদ সোহেল তাজের প্রতিমন্ত্রিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে চলা ‘বিতর্কের’ অবসান হয়েছে।
রোববার এক তথ্যবিবরণীতে বলা হয়, সংবিধানের ৫৮ (১) (খ) অনুচ্ছেদ অনুযায়ী ৭ জুলাই থেকে তানজিম আহমেদ আর প্রতিমন্ত্রী নেই।
শনিবার স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন তানজিম। এর আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে ডাকযোগে পদত্যাগপত্র পাঠালেও তা গ্রহণ করেননি স্পিকার।
তানজিমের পদত্যাগের পর রোববার সংসদের গাজীপুর-৪ আসন শূন্য ঘোষণা করেন স্পিকার আবদুল হামিদ।
২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ।
২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
তবে সে সময় রাষ্ট্রপতি তা ‘গ্রহণ করেননি’ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
ওই পদত্যাগপত্র জমা দেওয়ার তিন বছর পরও সোহেল তাজের ব্যাংক হিসাবে প্রতিমন্ত্রীর বেতন-ভাতা জমা হতে থাকায় গত ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেন তিনি। পাশাপাশি তিনি পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিরও আবেদন জানান।
ওই চিঠিতে সোহেল তাজ বলেন, “২০০৯ সালের ৩১ মে বাংলাদেশ সংবিধানের ৫৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর হাতে আমার পদত্যাগপত্র দিই। ১ জুন আবারো সেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাই। এরপর থেকে অদ্যাবধি প্রতিমন্ত্রী হিসেবে আমি কোথাও কোনো কিছুতে স্বাক্ষর করিনি।”
সেই সময় থেকে তার ব্যক্তিগত হিসাবে পাঠানো বেতন-ভাতার যাবতীয় অর্থ ফেরত নেওয়ারও অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।
পরে গত ২৩ এপ্রিল ব্যক্তিগত সহকারীর মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন সোহেল তাজ। তবে সশরীরে পদত্যাগপত্র জমা না দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। সর্বশেষ শনিবার সশরীরে উপস্থিত হয়ে স্পিকারের কাছে ইস্তফাপত্র দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১৩৪ ঘ.
bdnews24