ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে দাঙ্গার পর দেশ ছেড়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উচিত কি না- এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেলেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’-এ তাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে; একটি আন্তর্জাতিক আইন, যার আওতায় বিষয়টি কোনোভাবেই উচিত হবে না। অন্যদিকে মানবিকভাবে বিবেচনা করলে তাদের আশ্রয় দেওয়া উচিত।”
রোহিঙ্গা সমস্যার সমাধান কূটনৈতিকভাবে করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, “সরকার চাইলে সমস্যার শুরুতেই মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানে উদ্যোগ নিতে পারতো। আমি মনে করি, এ বিষয়ে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
“সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ায় বিষয়টি ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। বিজিবিকে যদি শক্তি প্রয়োগ করতে হয়, সেটা কখনোই সুন্দর দেখাবে না,” বলেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।
গত শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে রাখাইন-রোহিঙ্গা দাঙ্গা শুরুর পর থেকেই রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে চেষ্টা চালাচ্ছে। তবে তাদের ফিরিয়ে দিচ্ছে বিজিবি ও কোস্টগার্ড।
রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত আহ্বান নাকচ করে আসছে সরকার।
‘দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়’
সরকার দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে দাবি করে মওদুদ বলেন, জাতীয় যে কোনো ইস্যুতে সরকার ও বিরোধীদলের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তহওয়া উচিত।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দলের অনড় অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, “দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সম্ভব নয়।”
“বিরোধী দল ছাড়া নির্বাচন হলে তা গণতন্ত্রের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এর কারণে দেশে যে নৈরাজ্যের সৃষ্টি হবে, তা ভবিষ্যতের জন্য মঙ্গল বয়ে আনবে না,” সরকারকে সতর্ক করেন মওদুদ।
দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, “স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। স্থানীয় নির্বাচনে হেরে গেলে সরকার থেকে পদত্যাগ করার মতো ঘটনা ঘটার সুযোগ নেই। কিন্তু জাতীয় নির্বাচনের সঙ্গে ক্ষমতায় থাকা-না থাকার বিষয় জড়িত।”
বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায় কি না- এই প্রশ্নের জবাবে মওদুদ বলেন, “বিএনপি কখনোই বলেনি, তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। কিন্তু এই বিচার হতে হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। বিচার নিয়ে যেন কেউ কোনো আপত্তি করতে না পারেন।”
ভবিষ্যতে সরকার গঠন করলে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার তো বলেছে, তারাই বিচার শেষ করবে। আমরাও আশা করব, তারাই যেন বিচার শেষ করেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৯২৮ ঘ.
bdnews24