সাতক্ষীরা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর আটক ৪২ নেতাকর্মীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তাকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।“
তাদের মধ্যে রয়েছেন- জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য জামসেদ আলম ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সোবহান মুকুল।
এর মধ্যে নুরুল হুদাসহ জামায়াতের চার নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও ৩৮ জনের বিরুদ্ধে সাতক্ষীরায় হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সহিংস ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিএনপির সোমবারের মহাসমাবেশে যোগ দিতে রোববার সন্ধ্যায় জামায়াত নেতাকর্মীরা বলাকা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১২১১) রিজার্ভ করে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে ছেড়ে আসার পরই পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। ওই সময় গাড়িতে ৫৫ জন আরোহী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৯৪২ ঘ.
bdnews24