২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আওয়ামী সূর্য অস্তমিত’

বিরোধী দলের ওপর ‘দমন-পীড়ন’ চলছে দাবি করে এ জন্য সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ওপর ‘দমন-পীড়ন’ চলছে দাবি করে এ জন্য সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, “নির্যাতনের মাত্রা যতই বাড়ছে, রাজপথে আন্দোলনে জনগণ আরো ঐক্যবদ্ধ ও সাহসী হয়ে উঠছে। এই সরকারের আয়ু শেষ হয়ে আসছে।” মঙ্গলবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল। বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে যুবদল এই সমাবেশ করে। নজরুল ইসলাম বলেন, “সুরঞ্জিত সেনগুপ্তের ঘুষ কেলেঙ্কারিসহ মন্ত্রীদের দুর্নীতি আড়াল করতে সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। আন্দোলন যখন তীব্রতর হয়েছে, তখনই জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে আমাদের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।” “সরকার মনে করছে, এভাবে নানা কৌশল ও অপচেষ্টা করে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে সরিয়ে নেবে। কিন্তু তা সফল হয়নি, জনগণ বুঝে গেছে,” বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নজরুল আরো বলেন, “আওয়ামী লীগ সরকারের মেয়াদও শেষ দিকে, তাদের সূর্য অস্তমিত। সূর্য অস্ত যাওয়ার সময়ে যে রকম উত্তাপ বাড়ে, সরকারের অবস্থাও তেমন মনে হচ্ছে।” আগামী নির্বাচন নির্দলীয় সরকারের মাধ্যমে করতে সরকারকে সংবিধান সংশোধনের আহ্বান জানান তিনি। যুবদল সহসভাপতি আবদুস সালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা গিয়াস উদ্দিন খোকন, আবদুল খালেক, সেলিমুজ্জামান সেলিম, মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২১৫ ঘ.