২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের মামলায় রিজভী গ্রেপ্তার

হরতালে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমাবাজির ঘটনায় মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমাবাজির ঘটনায় মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দুদিনের হরতাল শেষে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিএনপি কার্যালয় থেকে বেরিয়ে গাড়ি চড়ে যাওয়ার সময় কাকরাইল মোড়ে গাড়ি থামিয়ে রিজভীকে গ্রেপ্তার করে সাদা পোশাকের পুলিশ সদস্যরা।

রিজভীকে গ্রেপ্তারের পর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। তাকে সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

গ্রেপ্তারের ঘণ্টা খানেক আগেই দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রিজভী। তাতে দুই দিন হরতালের পর বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলারও নিন্দা জানিয়েছিলেন তিনি।

বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা হয়।

এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী, খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।

রিজভীর আগে এই মামলার আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতেও পেয়েছে পুলিশ।

মামলার পর সোমবার ফখরুলসহ কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ, তবে তারা কেউ তখন বাসায় ছিলেন না।

এই মামলায় বিএনপি নেতাদের আগাম জামিন আবেদনের শুনানির জন্য হাই কোর্টে বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সোমবার বিকালে দেখা করেছিলেন মওদুদ আহমদসহ বিএনপির আইনজীবী নেতারা।

তবে তাদের নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার মে দিবসের ছুটি হওয়ায় বুধবারের আগে উচ্চ আদালতে যেতে পারছেন না বিএনপির আইনজীবীরা।

বিএনপি দাবি করেছে, ‘মিথ্যা’ অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে। এর পেছনে সরকারের ‘দুরভিসন্ধি’ রয়েছে।

গ্রেপ্তারের আগে সংবাদ সম্মেলনেও রিজভী বলেছিলেন, “রোববারে সচিবালয়ের সামনে বোমা বিস্ফোরণ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনা দুটি সরকারের লোকজনই করেছে।”

তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ওই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে রোববারই বক্তব্য দেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের আসামি করার পক্ষে যুক্তি দেখিয়ে তিনি সোমবার বলেন, “কারণ তাদের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীরা দেশব্যাপী সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত।”

এই ঘটনায় কঠোর অবস্থান প্রকাশ করে সোমবার দলের এক সমাবেশে ওই জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, “জ্বালাও-পোড়াও যারা করবে, তাদের আইনের আওতায় নিয়ে যা যা করার, তা তা করা হবে।”

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও বলেন, “মামলা হয়েছে, বিচার হবে। বড় নেতা বলে ছাড় পাওয়ার কথা চিন্তাও করবেন না। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”

রিজভীকে গ্রেপ্তারে ফখরুলের নিন্দা

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে এক বিবৃতিতে তিনি রিজভীসহ কারাবন্দি সব রাজনৈতিক নেতার মুক্তিও দাবি করেন।

রাকসুর সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক সভাপতি রিজভীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, “দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়ে আওয়ামী সরকার এখন বিরোধী দলকে দমন করার প্রয়াস চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হয়েছে রিজভীকে।”

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিরোধী দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার ও নির্যাতনের অশুভ চক্রান্ত থেকে বিরত থাকুন, নইলে জনরোষ থেকে কোনো বিদেশি আঁতাতকারী বন্ধুই আপনাদের রক্ষা করতে পারবে না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এসএম/এমআই/২২৪১ ঘ.