২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের বিরুদ্ধে বোমা হামলা-ভাংচুরের মামলা

হরতালের সময় সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের অভিযোগে রাজধানীর শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 03:53 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের অভিযোগে রাজধানীর শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে। শাহবাগ থানার মামলায় ফখরুল ছাড়াও আরো ২৭ জন এবং তেজগাঁও থানার মামলায় আরো ৪৩ জনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার এসআই এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রবিবার হরতাল চলাকালে সচিবালয় এলাকায় বোমা হামলার ঘটনায় রাতে একটি মামলা করেছেন এসআই হীরেন্দ্রনাথ প্রামানিক। মির্জা ফখরুল ছাড়াও এ মামলায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, শাম্মী আখতার, নিলুফার ইয়াসমীন মনি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কামরুজ্জামান রতন, যুবদলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সুলতান সালাহউদ্দিন টুকু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে তেজগাঁও থানার মামলায় আসামি করা হয়েছে মির্জা ফখরুলসহ মোট ৪৪ জনকে। তেজগাঁও থানার ওসি ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সোয়া ৯টার দিকে দায়ের করা এ মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো, ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মির্জা ফখরুলসহ বিএনপি ও জামায়াতের ৮ নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় আসামিরা হরতালের সময় এই ঘটনা ঘটিয়েছে। উপ পরিদর্শক ইসমাইল মজুদারের দায়ের করা এ মামলায় আসামির তালিকায় আরো আছেন- গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, সাইফুল আলম নিরব, হাবিব উন খান সোহেল, মীর শরফত আলী সুপু, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার খোকন, হাবিবুর রশীদ হাবিব, আবদুল মতিন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান। সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে গত সপ্তাহে টানা তিন দিনের পর রোববার থেকে ফের দুই দিনের হরতাল করছে বিএনপি। রোববার হরতাল চলাকালে রাজধানীতে সচিবালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অন্তত ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে সোমবার হরতাল শুরুর আগেই ভোর পৌনে ৫টার দিকে উত্তরায় মির্জা ফখরুলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে ফখরুল সে সময় বাসায় ছিলেন না বলে তার স্ত্রী রাহাত আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএইচএ/এসআই/এসএম/জেকে/০৯৪৫ ঘ.