ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় বিশেষ পদক্ষেপ চেয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে নিস্ফল হয়ে ফিরেছেন বিএনপির আইনজীবীরা।
হরতালের মধ্যে সোমবার বিকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে দেখা করে মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপি সমর্থক আইনজীবীরা।
প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ২৫ মিনিট আলোচনায় সাবেক আইনমন্ত্রী মওদুদের সঙ্গে ছিলেন সাবেক স্পিকার ব্যরিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও বর্তমান সভাপতি জয়নুল আবেদীন।
তারা হরতালের দুই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগাম জামিন আবেদনের শুনানির জন্য হাই কোর্টের বিশেষ বেঞ্চ বসানোর জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেন।
প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে বেরিয়ে মওদুদ সাংবাদিকদের বলেন, “আমাদের আশা পূরণ হয়নি। তিনি আমাদের নিয়মিত বেঞ্চে যেতে বলেছেন।”
হাই কোর্ট বিভাগে জামিনের এখতিয়ার সম্পন্ন কয়েকটি নিয়মিত বেঞ্চ থাকলেও হরতালের কারণে সোমবার অন্য বেঞ্চগুলোর মতো এই বেঞ্চগুলোও বসেনি।
মঙ্গলবার মে দিবসের ছুটি হওয়ায় সেক্ষেত্রে নিয়মিত বেঞ্চে বুধবার যেতে হবে বিএনপির আইনজীবীদের; যদিও রোববার মামলার পর সোমবার বিএনপি নেতাদের বাড়িতে অভিযান শুরু করেছে পুলিশ।
মওদুদ বলেন, “আমরা প্রধান বিচারপতিকে বলেছি, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের প্রত্যেকের বাসায় তল্লাসি করা হচ্ছে। বাসায় ফেরার মতো পরিস্থিতি তাদের নাই। তাই তাদের জরুরি ভিত্তিতে জামিন প্রয়োজন।”
খন্দকার মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা আপাতত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও মাহবুব উদ্দিন খোকনের জামিন আবেদন এভিডেভিট করেছেন।
এ প্রসঙ্গে মওদুদ বলেন, “এক্ষেত্রে যাদের কাছে পেয়েছি, ওকালতনামায় দস্তখত নিয়ে তাদের পক্ষে আবেদন করেছি। বেঞ্চ বসলে বাকিদের জামিনের আবেদন করতাম।”
বিশেষ বেঞ্চ গঠনের আগের নজির তুলে ধরে ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের বলেন, “আপনাদের অনেকের হয়তো মনে আছে, ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দিন সাহেবকে জামিন দিতে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। সেদিন রাত সাড়ে ১১টায় দুজন বিচারপতি কোর্টে এসেছিলেন। ১২টার সময় শুনানি হয়েছে।”
মামলার বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বিএনপি নেতা।
তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামে যাতে আমাদের নেতারা সক্রিয় থাকতে না পারেন, সে জন্যই মামলা দেওয়া হয়েছে। এভাবে অ্যাকশন নিলে আন্দোলন আরো জোরদার হয়।”
মামলার অনুলিপি পেতে পুলিশ সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন মওদুদ।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা হয়।
এই দুই মামলায় ফখরুল ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, এলডিপি সভাপতি অলি আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৪৭ ঘ.
bdnews24