ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চত্বরে বোমা হামলা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের ‘হুকুমের আসামি’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেছেন, “বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কারণ তাদের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীরা দেশব্যাপী সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। তারা গাড়ি ভাংচুর ও পোড়ানো এবং মানুষ হত্যা করছে। এসব নেতা হরতাল আহ্বান করে এগুলো করার নির্দেশ দিয়েছে। এজন্য হুকুমের আসামি হিসেবে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”
বিএনপিসহ ১৮ দলের ডাকে দুই দিনের হরতালের দ্বিতীয় দিন সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
শামসুল হক টুকু বলেন, “কার নির্দেশে এসব ঘটনা ঘটছে, তা দিবালোকের মতো স্পষ্ট। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, তাদেরই জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।”
তবে মামলায় নির্দোষ প্রমাণ হলে তাদের অব্যাহতি পাওয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে রোববার সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া সন্ধ্যায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে একটি গাড়ি আগুনে পুড়িয়ে দেয় হরতালকারীরা।
এসব ঘটনায় পুলিশ রাতেই রাজধানীর শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা দায়ের করে, যাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়।
তেজগাঁও থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর মামলার এজাহারে বলা হয়েছে, মির্জা ফখরুলসহ বিএনপি ও জামায়াতের ৮ নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় আসামিরা হরতালের সময় ওই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “শান্তিপূর্ণ হরতাল পালনে সরকারের কোনো বাধা নেই। কিন্তু তারা শান্তিপূর্ণ হরতালের কথা বলে গাড়ি ভাংচুর করছে, পোড়াচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।”
বিরোধী দলের এই হরতালকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যায়িত করে টুকু বলেন, “এটি শান্তির হরতাল নয়, বরং গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।”
ইলিয়াসকে উদ্ধারে হরতাল না করে সরকারকে সহযোগিতা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান টুকু।
তিনি বলেন, “তারা বলেছে বিদেশি সংস্থার কাছে ইলিয়াস রয়েছে। কিন্তু কোন সংস্থার কাছে রয়েছে, তা বলছে না। তারা কেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে তথ্য দিচ্ছে না। ইলিয়াসকে উদ্ধারে সরকার আন্তরিক। কিন্তু এ ব্যাপারে বিরোধী দল কী আন্তরিক?”
হরতালে বিজিবি মোতায়েন প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১২৫০ ঘ.
bdnews24