ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে শাহবাগ থানা পুলিশ রতনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।
হরতালের সময় হাতবোমা বিস্ফোরণ এবং গাড়ি ভাংচুরের মামলায় রোববার রাতে রতনকে গ্রেপ্তার করে পুলিশ।
তার স্ত্রী নূরে জান্নাত জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে দেশ টিভির একটি টক শোতে অংশ নিয়ে বের হওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ রতনকে ‘তুলে’ নিয়ে যায়। এরপর তিনি গোয়েন্দা কার্যালয়ে গিয়ে স্বামীর খোঁজ করলে তারা জানায়, রতনকে সেখানে নেওয়া হয়নি।
এই পরিপ্রেক্ষিতে গুজব ছড়িয়ে পড়ে- রতনকেও ইলিয়াসের মতো ‘নিখোঁজ’ হয়েছেন।
তবে মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ ও সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের দুটি মামলায় রতনকে গ্রেপ্তার করা হয়েছে।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার বিএনপির হরতাল চলাকালে সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় রাতে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা হয় আরেকটি মামলা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের এ দুটি মামলায় আসামি করা হয়েছে। কামরুজ্জামান রতনকে গ্রেপ্তার দেখানো হয়েছে দুই মামলাতেই।
নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রতন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটিতে ইলিয়াস আলী ছিলেন সাধারণ সম্পাদক এবং রুহুল কবির রিজভী ছিলেন সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৬৩০ ঘ.
bdnews24