২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের পর বিক্ষোভের কর্মসূচি বিএনপির

সিটি করপোরেশন নির্বাচনে ‘কারচুপি ও জোর-জবরদস্তির’ প্রতিবাদে ঢাকায় সকাল-সন্ধ্যা হরতালের পর বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2020, 05:34 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

মঙ্গলবার রাজধানীর থানায় থানায় এই বিক্ষোভ করা হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

রোববার হরতাল শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “কিছুক্ষণের মধ্যে আমাদের আহ্বানে সকাল-সন্ধ্যার যে হরতাল তা শেষ হতে যাচ্ছে। এই হরতাল আমরা আহ্বান করেছিলাম গতকাল (শনিবার) ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে যে প্রহসন করা হয়েছে, তামাশা করা হয়েছে তার প্রতিবাদে, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে।

“আমরা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী পরশু ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।”

বিএনপি মহাসচিব বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ‘ভোট কারচুপি, জালিয়াতি, ত্রাস সৃষ্টি, এজেন্টদের বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন’সহ নানা ঘটনার তথ্য-প্রমাণ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তুলে ধরবেন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

হরতালে সমর্থনে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীরা ‘পিকেটিং’ করার সময় তিন থেকে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে উল্লেখ করে তাদের মুক্তির দাবিও জানান তিনি।

স্বল্প সময়ের নোটিসে হরতাল ‘সফলভাবে পালনের জন্য’ ঢাকাবাসীকে অভিনন্দনও জানান বিএনপি মহাসচিব।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণে ধানের শীষের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ছিলেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শ্যামা ওবায়েদ, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, আনোয়ার  হোসেন, সুলতানা আহমেদ, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

‘ইভিএমে সুনসান কারচুপি’

সিটি নির্বাচনে ইভিএমে সরকার ‘সুনসান কারচুপি’ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল।

তিনি বলেন, “এই নির্বাচনে নতুন একটা অস্ত্র তারা (সরকার) সামনে নিয়ে এসেছে, সেটা হচ্ছে ইভিএম। এটাতে তারা নীরবে নিভৃতে বলা যেতে পারে করেছে। সব ভোট কেন্দ্র ছিল সুনসান।

“এভাবে একটি নতুন কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে তারা (সরকার) ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনকে সম্পূর্ণ তাদের ইচ্ছামতো ফলাফল প্রকাশ করল। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, সন্ধ্যা সাড়ে ৭টা-৮টার পরে কিছুটা একদম বন্ধ হয়ে গিয়েছিল ফলাফল প্রকাশ করা এবং এটাকে একধরনের মিডিয়া ক্যু বলা যেতে পারে।”

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “ইভিএমের ওপর ভোটারদের আস্থা চলে গেছে। আওয়ামী লীগের অধীনে এবং এই নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচনেই জনগণের আস্থা নেই। সেই কারণে এই নির্বাচন উপস্থিতি এত কম, ভোটের হার কম।”

ইভিএমের মাধ্যমে মানুষের ভোটাধিকার নির্বাচন কমিশন হরণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

“এই কমিশন ভোটাধিকার থেকে ভোটারদের বঞ্চিত করেছে। অনেকে ত্রুটিযুক্ত মেশিনের কারণে ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন এটার একটা পার্টি হয়েছে যে তার ভোটার অধিকার কেড়ে নেওয়ার জন্য। সেজন্য তাকে তো ভবিষ্যতে জনগণের আদালতে দাঁড়াতে হবে।”

ফখরুল বলেন, “২০১৮ সালেও একইভাবে আগের রাতে নির্বাচনের সম্পন্ন করে নিয়ে ভোট ডাকাতি করে তারা একটা অবৈধ দখলদারী সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। গতকাল(শনিবার) সরকার সিটি করপোরেশনের নির্বাচনের মধ্য দিয়ে তারা আরেকটা মহড়া দিল, ইভিএম নামক যে যন্ত্রটি নতুন একটি ডাকাতির যে কৌশল, সেটা নিয়ে আগামী দিনগুলোতে মহড়া দেবে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে, তারা পর্যায়ক্রমে এই ধরনের ইভিএমকে দিয়েই সমস্ত নির্বাচন সম্পন্ন করবেন।”

তিনি বলেন, “কোন পদ্ধতিতে ভোট গ্রহণ হবে, সেটা নির্বাচন কমিশনের উপরই নির্ভর করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন নির্বাচনের সকাল বেলাতে বলে দেন, নৌকায় ভোট দিয়েছেন এবং সকলকে নৌকায় ভোট দিতে বলে। তেমন নির্বাচন কমিশন কোন পদ্ধতিতে ভোট নেবে না নেবে সেটাও প্রধানমন্ত্রী নির্দেশ করে দেয়, তাই দিয়েছেন।

“আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে ছাড়া তার নির্দেশ ছাড়া এদেশে কিছু্ই হয় না। আমরা অনেক বার বলে এসেছি, এই সরকার, নির্বাচন কমিশন এবং রাষ্ট্রের যন্ত্রগুলোর মধ্যে আর কোনো পার্থক্য নেই। এটা পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে।”