২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা ফখরুলের বাসায় পুলিশের ‘তল্লাশি’

এম ইলিয়াস আলীর ‘খোঁজ’ দাবিতে সোমবার হরতাল শুরুর আগেই পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 02:25 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘খোঁজ’ দাবিতে সোমবার হরতাল শুরুর আগেই পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী। উত্তরার ১৭ নম্বর সড়কের ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া করা ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন মির্জা ফখরুল। তার স্ত্রী রাহাত আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর পৌনে ৫টার দিকে পুলিশ এসে তাদের ফ্ল্যাটের দরজা ধাক্কাতে থাকে। তবে ওই সময় মির্জা ফখরুল বাসায় ছিলেন না বলে তার স্ত্রী জানান। রাহাত আরা বলেন, পুলিশ পরিচয় দেওয়ার পর তিনি বাসার দরজা খুলে দেন। পুলিশ প্রথমে মির্জা ফখরুলের খোঁজ জানতে চায়। পরে তারা বাসার প্রতিটি কক্ষে ঢুকে তল্লাশি চালায়। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান বলেন, এলাকার মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন পুলিশ দেওয়াল টপকে মির্জা ফখরুলের বাড়ির আঙিনায় প্রবেশ করে। তবে বিএনপির মুখপাত্রের বাসায় কেন তল্লাশি চালানো হয়েছে- সে বিষয়ে মুখ খোলেননি পুলিশ কর্মকর্তারা। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি অভিযোগ করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। ইলিয়াসের সন্ধান দাবিতে বিএনপি গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববার থেকে আবার দুই দিনের হরতাল চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০৮১০ ঘ.