২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননাসংগ্রাম সম্পাদককে জেল-জরিমানা

ফেনীর আইনজীবীদের কথিত ‘নিন্দা ও প্রতিবাদ’ প্রকাশের মাধ্যমে আদালত অবমাননা করায় জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদককে জেল-জরিমানা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 07:13 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর আইনজীবীদের কথিত ‘নিন্দা ও প্রতিবাদ’ প্রকাশের মাধ্যমে আদালত অবমাননা করায় জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদককে জেল-জরিমানা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার সকালে এই আদেশ দেয়। সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, সংগ্রামের ফেনী প্রতিনিধি এ কে এম আব্দুর রহিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ‘আদালত চলাকালীন সময় পর্যন্ত’ কারাদণ্ড দেওয়া হয়। তবে ফেনীর আইনজীবীার ওই ‘নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছিলেন কি-না তা সন্দেহাতীতভাতে প্রমাণ না হওয়ায় ১২ আইনজীবীকে অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। আদালত অবমাননার অভিযোগে এই প্রথম কাউকে শাস্তি দিল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত এই ট্রাইব্যুনাল। এর আগে ‘অবমাননাকর’ একটি প্রতিবেদনের জন্য ইংরেজি দৈনিক নিউ এইজের প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদককে তলব করা হলেও ‘অতীত ইতিহাস’ বিবেচনা করে তাদের কেবল সতর্ক করে দেওয়া হয়। জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশন ৪৬ জনের তদন্তকালীন জবানবন্দি সাক্ষ্য হিসেবে নথিভুক্ত করার আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৯ মার্চ ১৫ জনের ক্ষেত্রে ওই আবেদন গ্রহণ করে। এ প্রসঙ্গে দৈনিক সংগ্রামের তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত এক খবরে বলা হয়, “পুলিশের কাছে দেওয়া মিথ্যা ও বানোয়াট বক্তব্যকে সাক্ষ্য হিসাবে গ্রহণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলার বিশিষ্ট আইনজীবীগণ। “এক বিবৃতিতে আইনজীবীগণ বলেন, সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষীকে আদালতে এসেই সাক্ষ্য দিতে হবে। আদালতে এসে না বলা পর্যন্ত কোনো বক্তব্যই সাক্ষ্য হিসাবে বিবেচিতত হবে না।....এই ধরনের বক্তব্য সাক্ষ্য হিসাবে গ্রহণের মাধ্যমে প্রমাণিত হয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল একটি দলীয় ট্রাইব্যুনাল।” ‘পুলিশকে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসাবে গ্রহণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনীর আইনজীবীগণ’ শিরোনামে এই সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল সংগ্রাম প্রকাশক, সম্পাদক, প্রতিবেদক ও সংশ্লিষ্ট আইনজীবীদের তলব করে ট্রাইব্যুনাল। আবুল আসাদ ১৬ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির হয়ে বলেন, ফেনী বারের কেউ ওই ধরনের কোনো বিবৃতি দেননি। সংগ্রামের ফেনী প্রতিনিধি রহিমও ওই ধরনের কোনো প্রতিবেদন ই-মেইলে পাঠাননি। তবে তার ই-মেইল ঠিকানা থেকে ফেনীর আইনজীবীদের নামে একটি বিবৃতি সংগ্রাম কার্যালয়ে আসায় ‘ভুলক্রমে’ ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফেনীর যে ১২ আইনজীবীকে তলব করা হয় তারা হলেন- অ্যাডভোকেট সফিউল আলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট আশরাফুল হক ভূঁঞা, অ্যাডভোকেট মাঈনউদ্দিন, অ্যাডভোকেট মোতাছাম বিল্লাহ, অ্যাডভোকেট গোলাম সরোয়ার, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টো, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ও অ্যাডভোকেট মো. হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩১০ ঘ.