চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন দুর্বৃত্তের গুলিতে নিহত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছারের স্ত্রী তসলিমা আক্তার।
বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে তসলিমা দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৪৫২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুর রহমান আনারস প্রতীক নিয়ে পান ১০৯২ ভোট।
সাতকানিয়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম সন্ধ্যা ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত বছরের ২৫ ডিসেম্বর রাতে নলুয়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান নুরুল আবছার। এর পর নুরুল আবছারের পরিবার এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ সমর্থিত সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ ও তার সহযোগীদের দায়ী করে আসছেন।
হত্যাকাণ্ডের পর নুরুল আবছারের জানাজায় অংশ নিতে গিয়ে পিটুনির শিকারও হয়েছিলেন মোনাফ।
তিনি বর্তমানে এ ঘটনায় করা হত্যা মামলায় জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২০৪ ঘ.
bdnews24