২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবমুখর নগরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে উৎসবের রঙে সেজেছিল বন্দর নগরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে উৎসবের রঙে সেজেছিল বন্দর নগরী। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় সাজানোর পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ রঙিন গেঞ্জি, পোস্টার, ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র নিয়ে জড়ো হন পলোগ্রাউন্ডে। জনসভায় অংশ নেওয়া অনেক নারীর পরনে ছিল জাতীয় পতাকার রঙের লাল-সবুজ শাড়ি। বুধবার বিকালে পলোগ্রাউন্ডে জনসভা শুরু হলেও দুপুর থেকেই মাঠের আশপাশের টাইগারপাস, কদমতলী, দেওয়ানহাট, লালখান বাজার মোড, নিউমার্কেট, স্টেশন রোড, এনায়েত বাজার ছিল আওয়ামী লীগসহ ১৪ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের আনাগোনা। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার নেতৃত্বে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও আশপাশের জেলা থেকেও লোকসমাগম হয়। দেওয়ান বাজার থেকে সমাবেশে আসা যুবক আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্চ মাসের এ সমাবেশে যোগ দিতে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়েই উৎসব নিয়ে গণজোয়ারে শামিল হয়েছে নেতাকর্মীরা।” “অনেক দিন পর নেত্রীর সমাবেশে যাচ্ছি। যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার দাবি আমাদের,” বলেন তিনি। জনসভায় বক্তব্যে শেখ হাসিনা বলেন, তার সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবেই। জনসভার আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু বলেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। ১৪ দলীয় শরিক ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সম্পাদক আবু হানিফ বলেন, “১৪ দলের সমাবেশকে জনসমুদ্রে রূপ দিতেই আজ আমরা মাঠে নেমেছি।” দুপুরে মিছিলে পর মিছিল শহরের কেন্দ্রমুখী হওয়ায় নগরীর মুরাদপুর, দুই নম্বর গেট, দেওয়ান হাট, লালদীঘির পাড় এলাকা, জিইসির মোড়, কাজির দেউরি, চকবাজার, বহদ্দার হাটসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস না পাওয়ায় ও তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/এমআই/১৭৪১ ঘ.