২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 06:14 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না- আদালত তা ২২ মার্চ জানাবে। জিয়াউর রহমানের আমালের এই মন্ত্রীর জামিনের মেয়াদও ওই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়েছে। এরপর বিচারক আলিমের জামিনের মেয়াদ বাড়িয়ে তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আদেশের জন্য দিন ধার্য করেন। একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গতবছর ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। ৩১ মার্চ অশীতিপর এই বৃদ্ধকে ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় ট্রাইব্যুনাল। এরপর বেশ কয়েক দফা এই জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া জামিনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে- আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে। ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না। গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্যও দিতে পারবেন না আলীম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২০৬ ঘ.