ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ‘বাধা’ সত্ত্বেও ঢাকায় বিএনপির মহাসমাবেশে ‘লাখো’ মানুষের উপস্থিতি বর্তমান সরকারের প্রতি জনগণের ‘অনাস্থারই’ প্রমাণ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
মঙ্গলবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “১২ মার্চের মহাসমাবেশের দুটি বিষয় স্মরণীয় হয়ে থাকবে। প্রথমত, সরকারের অঘোষিত হরতাল আর শত বাধা সত্ত্বেও মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। মানুষ প্রমাণ করেছে, তারা গণতন্ত্রের পক্ষে। আর দ্বিতীয়ত, খালেদা জিয়ার ডাকে ঢাকায় এসে তারা সরকারের প্রতি অনাস্থা জানিয়ে গেছেন।”
নিদর্লীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোমবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামন এই মহাসমাবেশ থেকে দাবি পূরণের জন্য সরকারকে তিন মাস, অর্থাৎ ১০ জুন পর্যন্ত সময় বেধে দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
তা না হলে ১১ জুন ঢাকায় সমাবেশ করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এছাড়া মহাসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেপ্তার ও সরকারের বাধার প্রতিবাদে ২৯ মার্চ সারা দেশে হরতালও ডেকেছে বিএনপি।
একই কারণে স্বাধীনতা ফোরাম মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।
মহাসমাবেশে সরকারের বাধাকে অসাংবিধানিক উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম মিয়া মানববন্ধনে বলেন, “ সব সময় শুনে এসেছি, বিরোধী দল হরতাল করে। বাস, লঞ্চ, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে দিয়ে সরকার এবার অঘোষিতভাবে হরতাল করেছে। এটা নজিরবিহীন।”
মহাসমাবেশে বাধা দিতে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের কর্মীরা প্রকাশ্যে অবৈধ অস্ত্র হাতে হামলা চালিয়েছে- এমন অভিযোগ করে তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ছত্রছায়ায় এভাবে ছাত্রলীগের কর্মীরা আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে, মারধর করেছে। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ব্যবস্থা নেননি। বধির ছিলেন। এটা ঠিক নয়। এর জন্য একদিন জবাবদিহি করতে হবে।”
খালেদা জিয়ার বক্তব্য যাতে দেশে মানুষ শুনতে না পারে সেজন্য সরকারের নির্দেশে কয়েকটি টেলিভিশন চ্যানেলের ‘সরাসরি সম্প্রচার কার্যক্রম’ বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন রফিকুল।
তিনি বলেন, “মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি আবারো প্রমাণ করেছে, সরকার নাশকতা ও যুদ্ধাপরাধীরদের বিচার বন্ধের ষড়যন্ত্রের কথা বলে মিথ্যাচার করেছে।”
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংসদ নাসিরুল হক সাবু, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৪০ ঘ.
bdnews24