ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত তানানওয়াদি মিনাশেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বাংলাদেশ থেকে ওষুধ, পাট ও পাটজাত পণ্য, সিরামিক, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি করতে থাইল্যান্ডের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ককে তার সরকার অত্যন্ত গুরুত্ব দেয়। একই সঙ্গে বর্তমান সরকার থাইল্যান্ডের সঙ্গে এই বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ককে জোরদার করতে আশাবাদী।
থাইল্যান্ডের গত বছর বন্যার ঘটনার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বিদায়ী থাই রাষ্টদূত তার বাংলাদেশে অবস্থানকালে সরকারের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭১২ ঘ.
bdnews24