ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমাধানে আসতে রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন মার্কিন কূটনীতিক রবার্ট ও ব্লেইক।
তার মতে, বাংলাদেশের জনগণ্যের স্বার্থে এটি প্রয়োজন।
সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লেইক বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
গত মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকা আসা এ মার্কিন মন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের একটি শাখা ও চট্টগ্রামে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি পরিদর্শন করেন।
অভ্যুত্থানচেষ্টার নিন্দা
যুক্তরাষ্ট্র যে কোনো সামরিক অভ্যুত্থানচেষ্টার বিপক্ষে উল্লেখ করে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বর্তমান সরকারকে সমর্থন করি এবং যে কোনো ধরনের অভ্যুত্থানচেষ্টার নিন্দা জানাই।”
গত ১৯ জানুয়ারি সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়, কয়েক জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা বর্তমান সরকারকে উৎখাতে যড়যন্ত্র করছিলো যা নস্যাৎ করা হয়েছে।
বাণিজ্য চুক্তি
ব্লেইক বলেন, বাংলাদেশের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিআইসিএফএ) করতে যুক্তরাষ্ট্র সরকার খুবই আগ্রহী।
“টিআইসিএফএ সই করতে সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি আছি আমরা।”
তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ছে এবং গত বছর দ্বিপক্ষীয় বাণিজ্য ছয়শ’ কোটি ডলার ছাড়িয়েছে।
“ভারতসহ গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের সঙ্গে টিআইসিএফএ চুক্তি করেছি আমরা। দ্বিপক্ষীয় বাণিজ্য স¤প্রসারণের ক্ষেত্রে এটা একটা আনুষ্ঠানিক কাঠামো বেঁধে দেবে।”
গত ১ ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ঢাকায় তার প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, সব কিছুর আগে এ বাণিজ্য চুক্তিই তিনি সই করতে চান।
গ্রামীণ ব্যাংক
ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ প্রসঙ্গে রবার্ট ও ব্লেইক বলেন, “গ্রামীণ ব্যাংকের অংশীদারদের স্বার্থ রক্ষায় একজন যোগ্য ব্যক্তিকে এ পদে নিয়োগ দেওয়া উচিত।”
“প্রকৃত অর্থে গ্রামীণ ব্যাংক শুধু বাংলাদেশ নয়, বিদেশের জন্যও আদর্শ প্রতিষ্ঠান এবং আমি একে স্যালুট করি।”
“বাংলাদেশে আমার সব বৈঠকে আমি ড. মুহাম্মদ ইউনূসের উত্তরসূরি হিসেবে একজন যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করার ওপর জোর দিয়েছি; যিনি ব্যাংকটির সমন্বিত শক্তি ও কার্যকারিতা ধরে রাখার পাশাপাশি এর অংশীদারদের স্বার্থ রক্ষা করতে পারবেন।”
বয়স নিয়ে আইনি লড়াইয়ে হেরে গত বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বিদায় নেন নোবেলজয়ী ইউনূস। ওই পদে এখন পর্যন্ত কেউ পূর্ণ নিয়োগ পায়নি।
সীমান্ত হত্যা
সীমান্তে বাংলাদেশিদের ওপর ভারতীয় নিরাপত্তা রক্ষীদের নির্যাতন প্রসঙ্গে মার্কিন মন্ত্রী ব্লেইক বলেন, “আমি জানি এ ধরনের ঘটনায় অনুতাপ জানায় ভারত সরকার।”
এ ধরনের ঘটনা কমতে থাকায় সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
“দুই দেশের সম্পর্কে অনেক অগ্রগতি হয়েছে। এ অগ্রগতির জন্য আমরা দুদেশের সরকারকে ধন্যবাদ জানাই।”
রাশিয়া থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিটি দেশেরই নিজেদের সুরক্ষার অধিকার রয়েছে। এ ধরনের চুক্তি পাওয়ার ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোও প্রতিযোগিতায় আগ্রহী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২০৪৪ ঘ.
bdnews24