২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিহত এক জন ছাত্রলীগের’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে নিহত এক জন ছাত্রলীগের বলে সরকার সমর্থক এই সংগঠনটি দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে নিহত এক জন ছাত্রলীগের বলে সরকার সমর্থক এই সংগঠনটি দাবি করেছে। বুধবার ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্রশিবির দুজনকেই তাদের কর্মী বলে দাবি করে। এর প্রতিবাদে চট্টগ্রামে আধাবেলা হরতালও ডেকেছে তারা। তবে রাত ৮টায় নগরীর জিইসি মোড় সংলগ্ন বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের চবি শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনছুর শিকদার বলেন, নিহত মো. মুজাহিদ তার সংগঠনের কর্মী। প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মো. মুজাহিদের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তার সঙ্গে নিহত হন ইংরেজি বিভাগের মাসুদ বিন হাবিব। শিবিরের চবি শাখার সভাপতি বদিউল আলম বিকালে সাংবাদিকদের বলেন, হাবিব শিবিরের সোহরাওয়ার্দী হল শাখার সম্পাদক এবং মুজাহিদ সংগঠনের সাথী ছিলেন। দুপুরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর মুজাহিদ ও হাবিববে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত কয়েকজনকে নগরীর মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, সেখানেই সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা মনছুর শিকদার সংঘর্ষের জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বলেন, তাদের হামলায় ছাত্রলীগের ৫০ জন কর্মী আহত হয়েছে, এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত না থাকার সুযোগে ছাত্রশিবির অতর্কিতভাবে হামলা করেছে বলে দাবি করেন তিনি। মনছুর বলেন, “এই হামলা পরিকল্পিত। মঙ্গলবার রাতে ছাত্রশিবির ক্যাম্পাসে মহড়া দিয়েছে।” হামলার সময় পুলিশ নির্লিপ্ত ছিল বলেও অভিযোগ করেন তিনি। সংঘর্ষের জন্য দায়ীদের গ্রেপ্তার দাবি করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য চবি প্রশাসনের প্রতি আহ্বান জানায় ছাত্রলীগ। মুজাহিদ হত্যা এবং হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নগরীর ষোলশহরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। মুজাহিদ হত্যাকাণ্ডের ঘটনায় হাটহাজারী থানায় মামলা করা হবে বলেও জানান আবুল মনছুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/২২৩০ ঘ.