২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তত্ত্বাবধায়কের দাবি মানলে বিএনপি আলোচনায় রাজি’

সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি মেনে নিলে বিএনপি নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে কোনো স্থানে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি মেনে নিলে বিএনপি নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে কোনো স্থানে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। সরকার এই জাতীয় দাবি মেনে নিলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সংসদের ভেতরে-বাইরে আলোচনায় বসতে আমরা রাজি।’’ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ২৪টি রাজনৈতিক দলের মধ্যে ১৬টিই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পক্ষে মত দিয়েছে দাবি করে তিনি বলেন, “তারপরও ওই বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে এখন সরকার নিজেদের অনুগত নির্বাচন কমিশন গঠন করে কারচুপির যন্ত্র ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) দিয়ে নির্বাচনের স্বপ্ন দেখছে।” বিরোধী দল এ চেষ্টা সফল হতে দেবে না উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, “আমরা বলে দিতে চাই- এটা করা হলে গণঅভ্যুত্থানে এই সরকারের পতন ঘটানো হবে।” এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ পূর্ণ হওয়ায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন। তার নির্দেশ গঠিত একটি অনুসন্ধান কমিটি দলগুলোর কাছ থেকে প্রস্তাব নিয়ে নতুন ইসির সম্ভাব্য সদস্যদের একটি সংক্ষিপ্ত তালিকাও তৈরি করছে। এর ভিত্তিতেই নতুন ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে বিএনপি বলে আসছে, ইসি গঠন নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হচ্ছে কি না- সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে নজরুল ইসলাম বলেন, “রাষ্ট্রপতির কাছে (সংলাপে) আমরা বলে এসেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তের আগে নির্বাচন কমিশন গঠন বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে না। দেশের মানুষও তা মেনে নেবে না। বেশিরভাগ রাজনৈতিক দলই রাষ্ট্রপতির সংলাপে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে কথা বলেছে। কারণ এখনো দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচনের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়নি।” লক্ষীপুর, চাঁদপুর ও রাজশাহীতে বিএনপির গণমিছিল কর্মসূচিতে গুলিতে ৫ জন নিহত হওয়ার ঘটনায় সরকারকে দায়ী করে তিনি বলেন, “এভাবে হত্যা করে আন্দোলনকে দামানো যাবে না। সরকারের মাথা ঠিক নেই। তারা এখন গুলি চালিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।” সরকার পদত্যাগ না করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ার করেন নজরুল। গত ২৯ ও ৩০ জানুয়ারি গণমিছিলে গুলির ঘটনায় হতাহতের প্রতিবাদ এবং দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে মিছিলটি নয়া পল্টন থেকে ফকিরাপুল পানির ট্যাংকের সামনে এসে শেষ হয়। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫৫০ ঘ.