২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির উদ্যোগ চান নাজমুল হুদা

শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়ে আলোচনার পরামর্শ দিয়েছেন নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী ফ্রন্টের এই উদ্যোক্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে রাষ্ট্রপতির উদ্যোগ প্রত্যাশা করছেন নাজমুল হুদা। এজন্য শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়ে আলোচনার পরামর্শও দিয়েছেন নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী ফ্রন্টের এই উদ্যোক্তা। সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা রোববার জাতীয় প্রেসক্লাবে তার নতুন দলের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন। এই সভায় দলের কো-কনভেনর হিসেবে এলডিপির নির্বাহী সভাপতি জাহানারা বেগমকে পরিচয় করিয়ে দেয়া হয়। অবশ্য এর পরপরই এলডিপি জাহানারাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দুই প্রধান রাজনৈতিক নেত্রীর কাছে জনগণ ‘জিম্মি’ হয়ে আছে মন্তব্য করলেও তাদের দুজনের সরাসরি আলোচনার ওপর গুরুত্ব দেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা। তিনি বলেন, “দুই নেত্রীর ইচ্ছা অনিচ্ছার কাছে দেশের জনগণ আজ জিম্মি হয়ে আছে। আমরা এই অবস্থার অবসান চাই। তাই দুই নেত্রীকে এক টেবিলে বসাতে রাষ্ট্রপতিকেই উদ্যোগ নিতে হবে।” “আজ এই সভার মাধ্যমে আমি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাব, আপনি দুই শীর্ষ নেত্রীকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান। দয়া করে তাদের আমন্ত্রণ জানিয়ে দেশের মানুষকে বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ দিন,” বলেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনকালে অনির্বাচিত কাউকে ক্ষমতায় দেখতে না চাইলেও নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন ‘পক্ষপাতদুষ্ট’ হবে বলে মনে করছে বিএনপি। সরকার ও বিরোধী দল উভয় পক্ষ নিজ অবস্থানে অনড় মনোভাব প্রকাশ করায় দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের পরস্পরবিরোধী অবস্থান হলেও নাজমুল হুদা মনে করছেন, নির্বাচনের ক্ষেত্রে সরকার নয়, গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন। “আমরা মনে করি, দলীয় কিংবা নির্দলীয় সরকার নয়, নির্বাচন কমিশনকে শক্তিশালী করে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। এজন্য নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের কাছে সরকারের সব নির্বাহী ক্ষমতা অর্পণ করতে হবে,” দলের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য নাজমুল হুদা ওই দল থেকে বেরিয়ে গত ১০ আগস্ট জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন। তিনি নতুন দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। বড় দুই রাজনৈতিক দলের বিপরীতে জাতীয়তাবাদী ফ্রন্ট তৃতীয় ‘প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে জানিয়ে নাজমুল হুদা বলেন, জিয়াউর রহমানের আমলের পুরনো নেতাদের এই দলে আনার চেষ্টা চলছে। অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর নির্বাহী সদস্য জাহানারা বেগম আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ফ্রন্টে যোগ দেন। তাকে দলের কো-কনভেনর হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। জাহানারা বলেন, “আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। জিয়াউর রহমানের সঙ্গে কাজ করেছি। শুনলাম জাতীয়তাবাদী ফ্রন্ট তার আর্দশ বাস্তবায়নে কাজ করছে। এটা জেনেই আমি যোগ দিয়েছি।” জাহানারা বেগম জিয়াউর রহমানের শাসনামলে যুব মহিলা দলের সভানেত্রী ছিলেন। পরবর্তীকালে তিনি বিএনপির সহসভাপতিও ছিলেন। খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী জাহানারা ২০০৬ সালে অলি আহমদের নেতৃত্বে বিএনপি ছেলে এলডিপি গঠন করেন। কয়েক বছর দলটির মহাসচিবের দায়িত্বও পালন করেন তিনি। সম্প্রতি তাকে মহাসচিব থেকে নির্বাহী সভাপতি করা হয়। নাজমুল হুদা অনুষ্ঠানে নতুন দলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে অবসরপ্রাপ্ত কর্নেল মল্লিক, কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আলী ও সদস্য হিসেবে সামিয়া জাহান খুশির নাম ঘোষণা করেন। ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি : জনগণের মুক্তির সনদ’ শীর্ষক এ আলোচনা সভায় ফ্রন্টের সদস্য সচিব আরিফ মাঈনুদ্দিন, কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ফিরোজ কবীর, মিজানুর রহমান মিজু, মাহজেবীন ওয়াহেদ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৭৪৪ ঘ.