ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে জামিন দেওয়া হয়নি।
বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে।
গত ০৮ ডিসেম্বর কুমিল্লার কোতোয়ালি থানায় ফখরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়।
মামলার বিবরণীতে বলা হয়, “২০১০ সালের ২২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের ফখরুল বলেন, ‘একাত্তর সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে। মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়নি’।”
পরে বিভিন্ন সময়ে তিনি একই মন্তব্য করেছেন বলেও মামলার বিবরণীতে উল্লেখ করা হয়।
এই মন্তব্যের পর জার্নালিস্ট ফোরাম অব কুমিল্লার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান কুমিল্লার একটি আদালতে এ মামলা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় মামলাটি আদালত খারিজ করে দেয়। পরে অনুমতি দেওয়া হলে কুমিল্লা কোতোয়ালি থানা ওই মামলা গ্রহণ করে।
হাই কোর্টে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যারিস্টার ফখরুল রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় জামিন নিতে এলে আদালত জামিন দেয়নি। পরে ফখরুলের আইনজীবীর অনুরোধে আদালত আবেদনটি আউট অব লিস্ট করে দিয়েছেন।”
ব্যারিস্টার ফখরুল সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হিসাবে হাই কোর্টে বিভিন্ন মামলায় লড়ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তিনি কয়েকটি শুনানিতে উপস্থিত ছিলেন। এছাড়া ট্রাইব্যুনাল নিয়ে আইনি প্রশ্নে তিনি হাই কোর্টে রিট করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/পিডি/০০২৯ ঘ.
bdnews24