২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: আরও ট্রাইব্যুনাল দাবি ঢাবি শিক্ষক সমিতির

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে ‘প্রয়োজনীয়’ সংখ্যক ট্রাইবুন্যাল গঠনসহ চার দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে ‘প্রয়োজনীয়’ সংখ্যক ট্রাইবুন্যাল গঠনসহ চার দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। তাদের অন্য দাবিগুলো হলো- ‘সব’ যুদ্ধাপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার এবং যুদ্ধাপরাধীদের সমর্থকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। একই দাবিতে বৃহষ্পতিবার সকাল ১১টায় সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করবে শিক্ষক সমিতি। যুদ্ধাপরাধ বিচারে চলমান বর্তমান ট্রাইব্যুনালের পাশাপাশি আগামী মার্চে আরও একটি ট্রাইব্যুনাল হবে বলে স¤প্রতি জানান আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম অহিদুজ্জমান বলেন, “ইতোমধ্যেই চিহ্নিত কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে। আর এই বিচার প্রক্রিয়াকে নস্যাৎ করার চক্রান্তে নেমেছে কিছু চিহ্নিত স্বাধীনতাবিরোধী অপশক্তি, যারা দেশকে অস্থিতিশীল করে এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।” শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিশ্ববিদ্যালয়ই ছিল স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রভূমি।” এক প্রশ্নের জবাবে তিনি যুদ্ধাপরাধের অভিযোগে বিচারাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধী নন বলে আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের বক্তব্য বিষয়েও কথা বলেন। তিনি বলেন, “আসিফ নজরুল আমাদের বলেছেন, তার বক্তব্য মিডিয়ায় সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি। তাছাড়া বক্তব্যের কারণে একজন শিক্ষকের কক্ষে তালা কিংবা আগুনের চেষ্টা সমর্থনযোগ্য নয়।” সাঈদীর পক্ষ নিয়ে বক্তব্য দেওয়ায় আসিফের অপসারণ দাবি করে স¤প্রতি বিশ্ববিদ্যালয়ে তার কক্ষে তালা এবং কক্ষের সামনে অগ্নিসংযোগ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি সংগঠন। এ প্রেক্ষিতে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষকদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা প্রত্যাশা করে বিবৃতিও দেয় শিক্ষক সমিতি। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বর্তমান-সাবেক ছয় নেতা এবং বিএনপির দুই নেতা আটক রয়েছেন। শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি অধ্যাপক আবম ফারুক, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ড. সাবিতা রেজওয়ানা রহমান, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৫৫৫ ঘ.