ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনার মামলায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ ১২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার মহানগর দ্রুত বিচার আদালতের বিচারক এরফান উল্লাহ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।
এসময় কারাগার থেকে আদালতে হাজির করা হয় আজহারসহ ১০৮ আসামিকে। মকবুলসহ বাকি ১২ আসামি পলাতক।
গত বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন এবং ২৫টি গাড়ি ভাংচুর হয়।
এ ঘটনায় জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা ও গ্রেপ্তারকৃতদের আসামি করে ঢাকা ও চট্টগ্রমে মোট ৯টি মামলা করে পুলিশ।
সংঘর্ষের পরপরই এ টি এম আজহারুল ও জামায়াতের প্রচার সম্পাদক তাসনীম আলমসহ তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৯৫৮ ঘ.
bdnews24