ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আছে দাবি করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে না দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রতিও অনাস্থা প্রকাশ করেছেন তিনি।
রোববার সন্ধ্যায় এক আলোচনায় সভায় নজরুল ইসলাম খান বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে জনমত জরিপ থেকে জানা গেছে, দেশের ৭০ ভাগ মানুষ তত্ত্বাবধায়কের পক্ষে। কেবল সরকার এর বিরুদ্ধে। কারণ দলীয় সরকার না হলে তাদের নির্বাচনে জেতার কোনো সুযোগ নেই। আমাদের স্পষ্ট বক্তব্য, তত্ত্বাবধায়ক ছাড়া এ দেশে নির্বাচন হতে দেওয়া হবে না।’’
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, “জনগনের ওপর সরকারের এখন আর আস্থা নেই। তারা ইভিএম এর মতো কারচুপির ওপর ভর করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।”
সরকারের তিন বছরের ‘দমননীতির’ কঠোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, “বিরোধী দল হিসেবে বিএনপি প্রথম থেকে ইতিবাচক রাজনীতির সূচনা করে। সংসদের প্রথম অধিবেশনেই যোগ দেয়। একশ দিনের মাথায় খালেদা জিয়ার কাছে তিন যুগেরও বেশি সময় বাস করা বাড়ি থেকে উচ্ছেদ করতে নোটিশ পাঠিয়ে সরকার তার জবাব দিয়েছে। বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার পর মামলা দিয়েছে।”
সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সহসভাপতি বাবুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
আসিফ নজরুলের পক্ষে মানববন্ধন
বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমরা বাংলাদেশী’ সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলের কক্ষে অগ্নিসংযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীদের হাতে জুবায়ের হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়।
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, “সরকার ভিন্ন মতকে সহ্য করতে পারছে না। তারা দমননীতির মাধ্যমে বিরোধী মতকে দাবিয়ে রাখতে চায়।”
আসিফ নজরুলের কক্ষে হামলা তারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবু নাসের মো. রহমাতুল্লাহ, বাবুল আহমেদ, হামদুল্লাহ আল মেহেদি, ইরফান আবদুল্লাহ বেলায়েত প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৯৫৩ ঘ.
bdnews24