ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপি জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন বিএনপি মেনে নেবে না।
বুধবার সকালে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এক ঘণ্টা সংলাপের পর দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বিস্তারিত জানান। রাষ্ট্রপতির কাছে দেওয়া প্রস্তাবের একটি অনুলিপিও সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয় এ সময়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম জানান, বিএনপির পক্ষ থেকে চেয়ারপার্সন খালেদা জিয়াই সংলাপে দলের বক্তব্য উপস্থাপন করেছেন।
“খালেদা জিয়া রাষ্ট্রপতিকে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরু হলে তা জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। সবার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে সব রাজনৈতিক দলের সম্মতিতে একটি যোগ্য, নিরপেক্ষ ও সাহসী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের উপযোগী রাজনৈতিক সৃষ্টির উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আপনার (রাষ্ট্রপতি) প্রতি আহ্বান জানাচ্ছি।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং তত্ত্বাবধায়ক প্রধান কে হবেন- সে সিদ্ধান্ত গ্রহণে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হলে বিএনপি তাতে অংশ নেবে বলেও সংলাপে জানান খালেদা।
এ সংলাপে অংশ নিতে খালেদা জিয়ার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল সকাল ১০টা ৫০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করে। সংলাপ শুরু হয় ১১টায়।
এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন।
এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। ইতিমধ্যে তিনি ১১ দিনে ২২টি দলের সঙ্গে সংলাপ করেছেন। বৃহস্পতিবার তার বসার কথা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বিএনপি মনে করে, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সংশোধিত সংবিধানের অধীনে ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন কমিশন পুনর্গঠন প্রক্রিয়া মূল ইস্যুও নয়। জাতির কাছে প্রধান ইস্যু হলো আগামী সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না।’’
“এ জন্য আগেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্ত অত্যাবশ্যক”, যোগ করেন মির্জা ফখরুল।
সংলাপে বিরোধী দলীয় নেতা রাষ্ট্রপতিকে বলেন, ১৯৯৫ ও ১৯৯৬ সালে বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনেই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ‘সম্ভব নয়’ বলে মতামত দিয়েছিলেন।
জবাবে রাষ্ট্রপতি বলেন, তখন তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। আর এখন একজন নিরপেক্ষ ব্যক্তি।
দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনে ‘দুর্বলতা’ থাকে- এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “সরকারের ইচ্ছার বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না। এর অনেক উদাহরণ আছে। বিএনপিকে বিলুপ্তি করার জন্য তৎকালীন সরকারের সঙ্গে হাত মিলিয়েছিলো নির্বাচন কমিশন। সরকারের বাধার মুখে ৪ বছরেও নির্বাচন কমিশন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করতে পারেনি। কেবল তাই নয়, সরকারের অসযোগিতার কারণে ভোলা উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা বাহিনী মোতায়েন করতে পারেনি কমিশন।”
“এসব দৃষ্টান্ত থেকে স্পষ্ট যে, দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে না। ভবিষ্যতেও পারবে না’, যোগ করেন তিনি।
নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে বিএনপি সংলাপে বলেছে, এই মেশিন দিয়ে ভোটগ্রহল নিরপেক্ষ ও স্ষ্ঠুু হবে না।
ফখরুল বলেন, ইভিএমের তিনটি ‘ক্রটি’ রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে। প্রথমত, ইভিএমে পুনঃগণনা ও নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয়ত, এ মেশিনে কাকে ভোট দেয়া হচ্ছে, কার নামে ভোট জমা হচ্ছে- তার কোনো নিশ্চিয়তা নেই। তৃতীয়ত, ভোটাররা যেখানে ভোট দিচ্ছেন, সেই স্থানটি গোপণীয় নয়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সমানেই তাদের ভোট দিতে হচ্ছে।
বিশ্বের কোথায় কোথায় ইভিএম পদ্ধতি বাতিল হয়েছে- সে তথ্যও রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন পূনর্গঠন নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। কারণ আমাদের দাবিই ছিলো- সবার আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া।’’
সেক্ষেত্রে সংলাপে যাওয়াটা লোক দেখানো ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, “এটি ঠিক নয়। আমরা মনে করি, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। সেজন্য দেশে যে সংকট সৃষ্টি হয়েছে, তা রাষ্ট্রপতিকে জানাতেই আমরা এই সংলাপে যোগ দিয়েছি।”
আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘সব নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানানো উচিৎ বলে আমরা মনে করি। এ বিষয়টিও আমরা রাষ্ট্রপতিকে বলেছি।”
রাষ্ট্রপতির এই সংলাপে ‘সংসদে প্রতিনিধিত্বকারী এবং প্রধান’ রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর কথা বলা হলেও সংসদে চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানানো হয়নি।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আজমকে কারাগারে পাঠানোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এ বিষয়ে আমরা কথা বলবো না।”
সরকারের বিরুদ্ধে নালিশ
বিরোধী দলের ওপর সরকারের ‘দমননীতির’ বিষয়টি সংলাপে খালেদা জিয়া তুলে ধরেছেন বলে জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, “বর্তমান সরকার বিরোধী দলের ওপর দমন নিপীড়ন চালাচ্ছে, মামলা- হামলা দিয়ে হয়রানি করছে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করার মাধ্যমে সরকার দেশে বাস্তবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এর ফলে নির্বাচনের উপযোগী পরিবেশ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এর দ্রুত অবসান প্রয়োজন।”
সংলাপের ফল নিয়ে সংশয়
সংলাপের ফল নিয়ে সংশয় প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “ফলপ্রসু হবে না জেনেও আমরা সংলাপে অংশ নিয়েছি। উদ্দেশ্য একটাই নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি রাষ্ট্রপতিকে জানানো।”
তিনি জানান, সংলাপে দলের জ্যেষ্ঠ নেতারা সংবিধানের ৪৮ (৩) অনুচ্ছেদ উল্লেখ করে রাষ্ট্রপতিকে তার সংলাপের ফল সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন।
“মহাজোটের অনেক শরিক দল, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত ও জনমতকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পর আপনার (রাষ্ট্রপতি) নেওয়া সংলাপের ভাগ্যে কি ঘটবে, সে সম্পর্কে অনেকেই আশান্বিত নয়।”
ফখরুল বলেন, সংবিধানে রাষ্ট্রপতি প্রদত্ত কার্যাবলীতে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া সব কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে করতে হয়। তাই চলমান সংলাপও ফলপ্রসু হবে কিনা সংশয় আছে।”
সংসদে যোগদান প্রসঙ্গে
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল বিল সংসদে আনার উদ্যোগ নিলে সংসদে যাবেন বলে জানান ফখরুল।
সংবাদ ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে মতামত নিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২২ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর এই সংলাপ শুরু করেন। বিএনপিসহ এ পর্যন্ত ২২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সর্বশেষ সংলাপ হবে।
গত ২৬ ডিসেম্বর রাষ্ট্রপতি বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬৪৮ ঘ.
bdnews24