২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রশাসন দায় এড়াতে পারে না’

ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না- উপাচার্যের এমন বক্তব্যের সমালোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলেছেন, প্রশাসন জুবায়ের হত্যার দায় এড়াতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না- উপাচার্যের এমন বক্তব্যের সমালোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলেছেন, প্রশাসন জুবায়ের হত্যার দায় এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটি এবং নিরাপত্তা কর্মকর্তার অপসারণও দাবি করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “ছাত্রলীগের কোন দায় দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।” বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ ছাত্রলীগের ‘উপাচার্য গ্র“প’ নামে পরিচিত অংশের কর্মীদের হামলায় নিহত হওয়ার পর ব্যপক সমালোচনার মুখে উপচার্য এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগের সাবেক কর্মী জুবায়েরকে রোববার সন্ধ্যায় শহীদ রফিক-জব্বার হলে কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা। সোমবার ভোর ৫টার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপাচার্যের বক্তব্য প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ কথা বলে উপাচার্য দায়িত্ব এড়াতে পারেন না। যখন ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছিলো তখন তিনিই এক পক্ষকে সমর্থন দিয়েছেন। ছাত্রলীগের যারা বর্তমানে বঙ্গবন্ধু হলে অবস্থান করছেন তাদেরকে প্রশাসনের সহযোগিতাতেই হলে তুলে দেওয়া হয়েছিলো। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি (উপাচার্য) মিথ্যাচার করেছেন।” উপাচার্যের বক্তব্য ভিত্তিহীন উল্লেখ করে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন বলেন, “প্রশাসনের পেটোয়া বাহিনীর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।” তিনি বলেন, ক্যাম্পাসে সবাই জানে জুবায়েরকে কারা হত্যা করেছে। “এর আগে ক্যাম্পাসে সহিংসতায় যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের বিচার উপাচার্য করেননি। তিনি গোপালগঞ্জের একটি বিশেষ পক্ষকে সব সময়ই রক্ষা করার চেষ্টা করেছেন। সবাই জানে এরা ভিসি গ্র“প।” দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, “তিন শিক্ষার্থীকে নিজ ক্ষমতাবলে বহিষ্কার করেই তিনি প্রমাণ করেছেন যে তিনি অপরাধীদের বাঁচাতে চান। প্রত্যেকে জানে, হত্যাকারী কমপক্ষে ১৫ জন ছিলো। সবাইকে রক্ষা করতে তাদের দায় মাত্র তিন জনের ওপরে দেওয়া হচ্ছে।” বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের ঘটনার দায় উপাচার্যরকই নিতে হবে মন্তব্য করে গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিছু হলে এর দায় তাকেই বহন করতে হবে।” বিশ্ববিদ্যালয়েল প্রগতিশীল ছাত্রজোট নেতা এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নাসির উদ্দিন প্রিন্স বলেন, বর্তমান প্রশাসনের আমলে ছাত্রলীগের দলীয় কোন্দলের কারণে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। “প্রশাসনের ছত্রছায়া ছাড়া এগুলো কখনোই সম্ভব ছিলো না। এখন উপাচার্য দায় ‘নেবেন না’ বলে এড়াতে পারেন না। তার এ ধরনের বক্তব্যে ছাত্র সমাজ আতঙ্কিত”, যোগ করেন তিনি। অবশ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম বন্ধ রয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য বলেন, “যারা ক্যাম্পাসে অবস্থান করছে তাদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। তারা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পেটোয়া বাহিনী। এর দায়িত্ব উপাচার্যকেই বহন করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/জেকে/২০৫০ ঘ.