২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আ.লীগ টানা থাকলে দেশ আগেই নিরক্ষরতামুক্ত হতো’

সরকার ২০১৪ সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত করার পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকলে এ লক্ষ্য অর্জন হতো অনেক আগেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 08:59 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ২০১৪ সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত করার পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকলে এ লক্ষ্য অর্জন হতো অনেক আগেই। সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১২’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “২০০১ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারলে ২০০৬ সালের মধ্যে বাংলাদেশ নিরক্ষরমুক্ত হতো।” প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “২০০১ সালে তারা ক্ষমতায় এসে শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল।” রোডমার্চে সরকারের সমালোচনা করে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে তিনি বলেন, “বিদ্যুতের উৎপাদন না বাড়ালে উনার রোডমার্চ উপলক্ষে সাত দিন ধরে চট্টগ্রামে আলোকসজ্জা চলছে কীভাবে? উনার সমাবেশ উপলক্ষে নাকি চট্টগ্রামে ২০টি ডিজিটাল স্ক্রিন বসানো হচ্ছে। এটাও ডিজিটাল বাংলাদেশের ফল।” ‘জাতির জন্য অহংকার, একশত ভাগ ভর্তির হার’- এই প্রাতিপাদ্য নিয়ে এবার জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জাতি গঠনের জন্য তার সরকার কাজ করে যাচ্ছে। “জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তিনি প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছিলেন এবং প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছিলেন।” পরিবারের ছেলে ও মেয়ে সন্তানদের জন্য শিক্ষার সমান সুযোগ দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি গৃহকর্মীদের মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমার কাজের মেয়ে লালমাটিয়া কলেজ থেকে দ্বিতীয় বিভাগে বিএ পাশ করেছে।” শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পদক বিতরণ করেন। অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফসারুল আমীন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোশতাক হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/জেকে/১৪৫০ ঘ.