২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা আত্মসমর্পণের পর রিমান্ডে জেলা আ.লীগ সহ-সভাপতি

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিন সরকার ও শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিঞা মোহাম্মদ মঞ্জুর আদালতে আত্মসমর্পণের পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 07:06 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

নরসিংদী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিন সরকার ও শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিঞা মোহাম্মদ মঞ্জুর আদালতে আত্মসমর্পণের পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। লোকমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিন সরকার ও মিঞা মোহাম্মদ মঞ্জুর সোমবার বেলা সাড়ে ১১টায় জেলার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলে আদালত মতিনকে তিন দিনের ও মঞ্জুরকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১ নভেম্বর দলীয় কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। ওই ঘটনায় লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নরসিংদী পৌরসভার দুইবারের চেয়ারম্যান আবদুল মতিন ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। মোহাম্মদ মঞ্জুর ১২ নম্বর আসামি। এক নম্বর আসামি হলেন টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু। রোববার এজাহারভুক্ত নয় নম্বর আসামি টেলিযোগাযোগমন্ত্রীর এপিএস মাসুদুর রহমান মুরাদ আদালতে আত্মসমর্পণের পর তাকে দুদিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত। লোকমান হত্যা মামলায় পুলিশ এর আগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৪৯ ঘ.