২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি নিয়োগ সার্চ কমিটির’ পক্ষে মত জাকের পার্টি-তরিকতের

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সার্চ কমিটি গঠনের পক্ষে মত দিয়েছে জাকের পার্টি ও তরিকত ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 07:48 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সার্চ কমিটি গঠনের পক্ষে মত দিয়েছে জাকের পার্টি ও তরিকত ফেডারেশন। জাকের পার্টি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কোনো স্থায়ী ব্যবস্থা বলে তারা মনে করে না। অন্যদিকে নির্বাচন পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের সুপারিশ করেছে তরিকত ফেডারেশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের সপ্তম দিনে রোববার সকাল ১১টায় বঙ্গভবনে জাকের পার্টির ৭ সদস্যের সঙ্গে বসেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এরপর বসেন তরিকত ফেডারেশনের ১২ সদস্যের সঙ্গে। সংলাপ শেষে জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী সাংবাদিকদের বলেন, “আমরা ইসি গঠনে একটি সার্চ কমিটি করার কথা রাষ্ট্রপতিকে বলেছি।” “এ কমিটি করার আগে সব দলকে নিয়ে একটি গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি আমরা”, যোগ করেন তিনি। জাকের পার্টির চেয়ারম্যান বলেন, তত্ত্বাবধায়ক সরাকর পদ্ধতিকে কোনো স্থয়ী ব্যবস্থা বলে তার দল মনে করে না। তার মতে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা প্রয়োজন। সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ হলেও বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো ওই ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সার্চ কমিটি করার কথা বলেছি।” তবে নির্বাচন পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিতে সুপারিশ করেছেন বলে জানান তিনি। নজিবুল বশর বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে পাঁচজন, বিএনপির তিনজন, জাতীয় পার্টির দুজন এবং বিগত জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী নিবন্ধিত বাকি সব দল থেকে একজন করে প্রতিনিধি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন। এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। ধারাবাহিক এ সংলাপের অংশ হিসেবে ১১ জানুয়ারি বিএনপি এবং ১২ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রাষ্ট্রপতির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৩৩৩ ঘ.