২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে আমি অতিথি পাখি নই: জিয়া

বিএনপি থেকে অব্যাহতি পেলেও নিজেকে খালেদা জিয়ার অনুগত দাবি করে সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বলেছেন, তিনি দলে ষড়যন্ত্রের শিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি থেকে অব্যাহতি পেলেও নিজেকে খালেদা জিয়ার অনুগত দাবি করে সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বলেছেন, তিনি দলে ষড়যন্ত্রের শিকার। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের চার বার নির্বাচিত এই সংসদ সদস্য শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, তিনি আগামী জাতীয় নির্বাচনেও প্রার্থী হবেন। জরুরি অবস্থার সময় ‘পলাতক’ জিয়া ২০০৮ এর সংসদ নির্বাচনে অংশ নেননি। গত জানুয়ারি মাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কারের কথা জানায় বিএনপি। নিজের নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য বিএনপির নাজিমউদ্দিন আহমেদের বিরুদ্ধেই অভিযোগ জিয়ার। জিয়া বলেন, “আমি দীর্ঘদিন এলাকায় যাই না। অথচ বলা হয়েছে, আমি নাকি এলাকায় গিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছি। এই অভিযোগ সঠিক নয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা কী করেছি, তা আমাকে জানাতে হবে।” “ওয়ান-ইলেভেনের পর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। মহল বিশেষের ষড়যন্ত্রের পরও এলাকার মানুষ ও নেতা-কর্মীরা আমার সঙ্গেই আছেন। আমি বিএনপিতে অতিথি পাখি নই। তাই কোনো ষড়যন্ত্রই বিএনপি থেকে আমাকে সরাতে পারবে না,” বলেন সাবেক এই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রামগঞ্জের বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সে অতীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি করেছে।” খালেদা জিয়া ও তারেক রহমানের আনুগত্য স্বীকার করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান জিয়া। তিনি একইসঙ্গে বলেন, “আগামী সংসদ নির্বাচনেও আমি প্রার্থী হব।” ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউট মিলনায়তনে জিয়ার ডাকা এই সংবাদ সম্মেলনে রামগঞ্জ বিএনপির কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮০০ ঘ.