ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান মহাজোট সরকার দেশের চেয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে অভিযোগ করে বিএনপি নেতা আবদুল মঈন খান বলেছেন, ভারতের ‘অগ্রহণযোগ্য’ পণ্য বাজারজাত করে বাংলাদেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র চলছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সমানে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, ‘‘ভারতের নিম্নমানের পণ্য অবাধে বাংলাদেশে আসছে। অন্যদিকে ভারত নন-ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে বাংলাদেশের পণ্য সে দেশে প্রবেশ করতে দিচ্ছে না। অথচ এ ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই।’’
“বর্তমান সরকার দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। বাংলাদেশের ১৬ কোিট মানুষের বাজারে ভারতের অগ্রহণযোগ্য পণ্য বাজারজাত করে আমাদের দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র চলছে”, যোগ করেন তিনি।
সরকার গত তিন বছরে ব্যাংক থেকে ৪০ হাজার কোটি ঋণ নিয়ে দেশের অর্থনীতিকে দেউলিয়া করে ফেলেছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন বলেন, “দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে। ডলারের দাম দিন দিন বাড়ছে। আগামী দুই বছরে এই ঋণের পরিমাণ কোথায় গিয়ে ঠেকে, তাই এখন দেখার বিষয়।”
বর্তমান মহাজোট সরকারকে ‘ভারতের দালাল’ আখ্যায়িত করে এই সাবেক মন্ত্রী বলেন, “এই সরকারকে হটাতে জনগণের আন্দোলনে নামা ছাড়া আর কোনো পথ নেই।”
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের হাতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার এক বছর পূর্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তিযুদ্ধের প্রজন্ম এই মানবববন্ধন কর্মসূচির আয়োজন করে। গত বছর ৭ জানুয়ারি বিএসএফের গুলিতে নিহত হয় ফেলানি।
ওই ঘটনার পর সরকারের ভূমিকার সমালোচনা করে মইন খান বলেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই ফেলানী হত্যাকাণ্ডের জন্য ভারতকে জবাবদিহি করতে হবে।”
মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিএনপির কেন্দ্র্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, আবু নাসের মো. রহমাতুল্লাহ ও ফরিদা ইয়াসমীন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৫৪ ঘ.
bdnews24