২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি: প্রধানমন্ত্রী

সরকারের তিন বছরে বিরোধী দলের সহায়তা পাননি উল্লেখ করে বিএনপিকে ‘সংঘাতের রাজনীতি’ পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপিকে ‘সংঘাতের রাজনীতি’ পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাজোট সরকারের তিন বছর বছর পূর্তির প্রাক্কালে জাতির উদ্দেশে বৃহস্পতিবার দেওয়া ভাষণে এ অনুরোধ জানান তিনি। ২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী- এ কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সুবর্ণজয়ন্তীতে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি দেশ গড়ে তুলতে চাই যে দেশ হবে ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরতামুক্ত সোনার বাংলা। যে দেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশ- ডিজিটাল বাংলাদেশ।” এরপর তিনি বিরোধী দল বিএনপির প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “সংঘাতের রাজনীতির পথ পরিহার করুন। আসুন, দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করি।” এর আগে প্রধানমন্ত্রী বলেন, “গণতন্ত্র ও উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। জনগণ ভোট দিয়ে পছন্দ মতো সরকার গঠন করবে। যারা দায়িত্ব নেবে তারা আগের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবে। যারা বিরোধী দলে থাকবেন তারা সরকারকে এ কাজে সহায়তা করবেন।” “আমাদের দল ও আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দেশ ও মানুষের স্বার্থকে সব দল-মতের ঊর্ধ্বে স্থান দিতে হবে,” যোগ করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী ‘দুঃখের সঙ্গে’ বলেন, “দেশ পরিচালনায় গত তিন বছরে আমরা বিরোধী দলের কোনো ধরণের সহায়তা পাইনি।” “বরং তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো কারণ ছাড়াই তারা মাসের পর মাস সংসদ বর্জন করছেন। বিরোধীদলীয় নেত্রী মাত্র ৬ দিন সংসদে উপস্থিত ছিলেন।” “বাধাহীনভাবে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিয়েছেন। তারপরেও কেন এই সংসদ বর্জন,” বলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া পৌনে এক ঘণ্টার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি স¤প্রচারিত হয়। মহাজোট ক্ষমতায় আসার সময়টিকে ‘অন্ধকারময়’ অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক অর্থনীতির চরম সঙ্কট, বিশ্বমন্দা, সারাবিশ্বে খাদ্যপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির পাশাপাশি আমাদের অতিক্রম করতে হচ্ছে পূর্ববর্তী দুটি সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যার পর্বতপ্রমাণ বোঝা।” “সাহস, সততা ও আন্তরিকতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,” যোগ করেন তিনি। পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ আয়োজন করায় জনগণের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ২০০৯ সালের ৬ জানুয়ারি শপথ নেওয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রি পরিষদের তিন বছর পূর্তি হচ্ছে শুক্রবার। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ একা পায় ২৩০টি আসন। মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়। সংসদে বিরোধী দল বিএনপি পায় ৩২টি আসন। যুদ্ধাপরাধ বিচার ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, মানুষ হত্যা করেছিল, নারী ও শিশু নির্যাতন করেছিল তাদের বিচার করব- এটা ছিল আমাদের নির্বাচনী অঙ্গীকার। “দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটাররা মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণরায় দিয়েছে,” বলেন তিনি। সরকার যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচার কাজ শুরুর পর বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “[তিনি] জ্বালাও-পোড়াও, হরতাল ও মানুষ হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।” জ্বালাও-পোড়াও করে মানবতাবিরোধী রাজাকার-আলবদরদের রক্ষার চেষ্টা না করতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যত বাধাই আসুক না কেন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার আমরা করবই। বঙ্গবন্ধুু হত্যাকারীদের বিচার বন্ধ করতে অনেকেই চেষ্টা করেছিল, পারেনি। যুদ্ধাপরাধীদের বিচারও কেউ বন্ধ করতে পারবে না, ইনশাআল্লাহ্।” যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির দুজন এবং তার শরীক দল জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষনেতা আটক রয়েছেন। এদের মধ্যে জামায়াতের এক নেতার বিচার চলছে। দ্রব্যমূল্য দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে নিয়ে আসা মহাজোট সরকারের জন্য একটি ‘বিশাল চ্যালেঞ্জ’ ছিলো বলে ভাষণে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা যেদিন সরকার গঠন করি সেদিন চালের দাম ছিল ৪০-৪৫ টাকা কেজি। আন্তর্জাতিক বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধি সত্ত্বেও আমরা তা কমিয়ে এনেছি। বর্তমানে ২৬-৩০ টাকায় চাল পাওয়া যাচ্ছে। দেশের মাথাপিছু আয় ৬৬০ ডলার থেকে ৮২৮ ডলারে উন্নীত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছি। চাকরির বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। গার্মেন্ট শ্রমিকদের নূন্যতম বেতন ১৬০০ থেকে তিন হাজার টাকায় উন্নীত করেছি। “গ্রামের ক্ষেতমজুররা যেখানে ১০০ টাকা দৈনিক মজুরি পেত তা আজ ৩০০ থেকে ৫০০ টাকা। ১০০ টাকায় চাল কিনতে পারতো আড়াই থেকে তিন কেজি। এখন কিনতে পারে ১০ থেকে ১২ কেজি। দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ৩০ শতাংশে নেমে এসেছে।” “বিশ্বমন্দা সত্ত্বেও মহাজোট সরকার অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হয়েছে,” বলেন তিনি। দেশে বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি আয়, জনশক্তি রপ্তানি বেড়েছে বলে ভাষণে বলেন প্রধানমন্ত্রী। গত অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবছর ৭ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। বিদ্যুৎ-গ্যাস পরিস্থিতি মহাজোট সরকার ক্ষমতায় আসার সময় বিদ্যুৎ পরিস্থিতি ‘ভয়াবহ পর্যায়ে’ ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিএনপি-জামাত সরকারের ৫ বছর ও তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে এক মেগাওয়াট উৎপাদন তারা বাড়াতে পারেনি। ২০০১ সালে আমরা যে ৪৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেখে গিয়েছিলাম সাত বছরে তা কমে দাঁড়ায় ৩২৬৮ মেগাওয়াটে। “আমাদের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে ৩ বছরে আমরা অতিরিক্ত ২৯০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করেছি।” বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ৪৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করে বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা বলেন, “এর মধ্যে ২৪টি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন শুরু করেছে। বাকি কেন্দ্রগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ হবে। এছাড়া আরও ৫ হাজার ৮৫৭ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কার্যাদেশ প্রদান প্রক্রিয়াধীন আছে।” গ্যাস ও কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে- এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বেসরকারি খাতে ৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রূপপুরে ২০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ নির্মাণকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত, মিয়ানমার ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া চলছে।” বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিনামূল্যে ১ কোটি ৫ লক্ষ বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব গ্রাহকদের মধ্যে বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আরও ১ কোটি ৭৫ লক্ষ বাল্ব বিতরণের উদ্যোগ আমরা নিয়েছি।” সাড়ে চার লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। গ্যাস উৎপাদন ও বিতরণ খাতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের ফলে দৈনিক ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “সুন্দলপুর, সেমুতাং, সালদানদী ও ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রে কূপ খনন সম্পন্ন হয়েছে। এগুলো থেকে দৈনিক ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন শুরু হবে।” শুরুতে জাতীয় নেতাদের স্মরণ ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, “২০০৮ সালের সংসদ নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্র“তি পূরণে আওয়ামী লীগ নিরলসভাবে চেষ্টা করছে।” এ সময় তিনি আওয়ামী লীগকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই দিনে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সেইসব ভোটারদের বিশেষ করে নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সব ভোটারদের যাদের অকুণ্ঠ সমর্থন আমাদের বিজয়কে নিশ্চিত করেছিল।” নির্বাচনী প্রতিশ্র“তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভাষণে বলেন, “অনেক বাধা-বিপত্তি মোকাবেলা করে আপনাদের কাছে দেওয়া ওয়াদা পূরণে আমরা নিরলসভাবে চেষ্টা করছি। সর্বক্ষেত্রে শতভাগ সফলতার দাবি আমরা করব না। “তবে একথা বলতে পারি, আপনাদের সরকার অর্পিত দায়িত্ব পালনে কখনই গাফিলতি করেনি। ভবিষ্যতেও করবে না, ইনশাআল্লাহ্।” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫-এর ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল সদস্যের হাতে তার পরিবারের সদস্যদের, একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যার শিকার জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানরকে স্মরণ করেন। তিনি শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দি, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সব জাতীয় নেতাকেও স্মরণ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদ ও বীরাঙ্গনাদের স্মরণ করেন। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ ২২ জন নেতা-কর্মীকেও স্মরণ করেন তিনি। বিএনপি-জামায়াত জোট শাসনামলে নিহত শাহ এএমএস কিবরিয়া ও আহসানউল্লাহ মাস্টারকেও স্মরণ করেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২৪ ঘ. এ সম্পর্কিত আরো খবর ক্স প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য ক্স দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: রাষ্ট্রপতি