২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দিনবদল হয়েছে সরকারি দলের লোকজনের’

দিনবদলের ঘোষণা দিয়ে ক্ষমতায় যাওয়া মহাজোট তিন বছরে জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি বলে দাবি করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনবদলের ঘোষণা দিয়ে ক্ষমতায় যাওয়া মহাজোট তিন বছরে জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি বলে দাবি করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। সরকারের তিন বছর পূর্তির আগের দিন বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেন, “এই তিন বছরে জনগণ সরকারের কাছে থেকে উচ্চ দ্রব্যমূল্য পেয়েছে। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির কষাঘাতে জর্জরিত হয়েছে। “মানুষের দিন বদল হয়নি। অন্যদিকে এই তিন বছরে সরকার ও তাদের আত্মীয়-স্বজনদের দিনবদল হয়েছে।” জাতীয় প্রেসক্লাবে ‘মহাজোট সরকারের তিন বছর : প্রাপ্তি ও প্রত্যাশা’ এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ। বিএনপির মতাাদর্শে বিশ্বাসী সংগঠন ইয়ুথ ফোরাম এই সভা আয়োজন করে। সাবেক মন্ত্রী মোশাররফ বলেন, “তিন বছরের অপশাসনে দেশ আজ অন্ধকার গহ্বরে ঢুকে আছে। কোথাও কোনো আলো নেই। জনগণ এই সরকারের ব্যর্থতায় হতাশ হয়েছে।” আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে দলীয় সমরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে বলে দাবি করেন বিএনপি নেতা। এর ফলে দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের ‘ভারততোষণ’, বিচারবহির্ভূত হত্যার সমালোচনা করে এই অবস্থা থেকে উত্তরণে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে শামিল হতে জনগণের প্রতি আহ্বান জানান মোশাররফ। ইয়ুথ ফোরামের এই সভায় মোশাররফ ছাড়াও আলোচনা করেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫২৫ ঘ.