ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলে নির্বাচনে নিজের পরাজয় মানতে তিনি ভয় পান না।
পুলিশ সপ্তাহ উপলক্ষে বুধবার নিজ দপ্তরের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঊর্ধ্বতন পুলিশ কর্মকতাদের উদ্দেশে বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“আমার কাছে গণতন্ত্রই প্রথম কথা” উল্লেখ করে তিনি বলেন, “জনগণ সঠিক ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আগামী নির্বাচনে জয় বা পরাজয় যাই আসুক না কেন তা মেনে নিতে আমি প্রস্তুত।”
গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি সর্ব শক্তি নিয়োগের নির্দেশ দেন তিনি।
বিরোধী দলকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালনে সহায়তা করতে পুলিশকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে বিরোধী দলের ‘ধ্বংসাত্মক’ কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “বিরোধী দলগুলোর তাদের গণতান্ত্রিক অধিকার আছে। তারা যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারে। কিন্তু তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবে বরদাশত করবেন না।”
রোড মার্চ ও এ ধরনের কর্মসূচি ‘ঠিক আছে’ মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের কর্মসূচি পালনের ক্ষেত্রে পুলিশকে সহায়তা করতে হবে।
“তবে বিরোধী দলগুলোর ১৮ ডিসেম্বরের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা যাবে না।”
গত ১৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনায় নির্ধারিত সময়ের আগে আগতদের লাঠিপেটা করে বের করে দেয় পুলিশ। এর পরই রাজধানীতে কয়েক স্থানে বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন মারাও যায়।
রাজধানীতে অন্তত আটটি বাসে আগুনও দেওয়া হয় সেদিন। একইদিন সিরাজগঞ্জ ও সিলেটে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিলেটে বাসে আগুনের ঘটনায়ও একজন নিহত হয়।
ক্ষমতাসীন ও বিরোধী দল ওই বিস্ফোরণের জন্য পরস্পরকে দায়ী করে।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘অসাধারণ’ ভূমিকা রাখার মাধ্যমে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুকূলে রাখায় পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
“দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মাধ্যমে দেশের ভাবমূর্তির যে ক্ষতি হয়েছিলো গত তিন বছরে তা থেকে দেশকে বের করেছে এনেছে পুলিশ বাহিনী।”
সরকারের ব্যবস্থাপনায় ‘দুর্বলতা’ রয়েছে বলে যে সমালোচনা রয়েছে তা উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯৩ শতাংশ বাস্তবায়ন করেছে সেখানে সরকারের কর্মকাণ্ডে দুর্বলতা থাকে কীভাবে।
বিশ্ব স¤প্রদায় বাংলাদেশকে এখন জঙ্গিদের আস্তানার বদলে উন্নয়নের মডেল হিসেবে বিবেচনা করছে বলে মন্তব্য করে তিনি বলেন, “সা¤প্রতিক বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন উল্লেখযোগ্য অগ্রগতির জন্য বাংলাদেশের উচ্ছসিত প্রশংসা করেন।”
পুলিশের বিভিন্ন দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পুলিশের ‘ঝুঁকি ভাতা’ বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
এ সময় পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) কর্মকর্তার পদমর্যাদা প্রথম শ্রেণীতে এবং উপ-পরিদর্শকের (এসআই) দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণের বিষয়টি উল্লেখ করে এ মর্যাদা রক্ষার জন্য পুলিশ সদস্যদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার স্বাগত বক্তব্য এবং অতিরিক্ত আইজিপি শহুদুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা অঞ্চলের ডিআইজি আসাদুজ্জামান মিয়া ও পুলিশ সুপার কামরুল হাসান বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম ওয়াহিদ উজ জামান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/১৯১৩ ঘ.
bdnews24