ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলার রেকর্ডিং কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি হোসনে আরাকে জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবী।
মঙ্গলবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে তার আংশিক জেরা গ্রহণ করে ২৪ জানুয়ারি আবার জেরার জন্য দিন রেখেছেন বিচারক মো. মোজাম্মেল হোসেন।
এর আগে গত ৮ ডিসেম্বর আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন হোসনে আরা ও পুলিশ পরিদর্শক মীর আলীমুজ্জামান।
মামলায় তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনও আসামি। তারেককে পলাতক দেখিয়ে মামলার বিচার চলছে। তার পক্ষে কেউ রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষীকে জেরা করার সুযোগ পাচ্ছেন না।
তবে মামুনকে সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামুনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতে বলেন, এ মামলার আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি, তাই জেরার জন্য সময় দরকার।
আদালত তাকে বলে, যতটকু সম্ভব খন্দকার মাহবুব হোসেন ছাড়াই জেরা করুন। তখন সানাউল্লাহ মিয়া হোসনে আরাকে তিন-চারটি প্রশ্ন করেন।
এ মামলায় ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা লাপ্রেভোট সাক্ষ্য দেন। ওইদিন জবানবন্দির পর তাকে জেরা না করেই আদালত বর্জন করে মামুনের আইনজীবীরা। তাদের অভিযোগ, ডেবরার সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন করা হয়েছে।
তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান।
চলতি বছর ৮ অগাস্ট অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের পর তারেককে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬৫২ ঘ.
bdnews24