২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরব সেতুতে খালেদার দুর্নীতি পায়নি দুদক

ভৈরব সেতু নির্মাণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 09:10 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভৈরব সেতু নির্মাণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই এ নিয়ে আর তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমনে গঠিত সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। দুদক কমিশনার মুহম্মদ সাহাবুদ্দিন চুপপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিশন বিষয়টিতে নিরপেক্ষ থেকে অনুসন্ধান করেছে। “অনুসন্ধানে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতি পাওয়া যায়নি,” বলেন তিনি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় অভিযোগ করা হয়েছিলো, দরপত্রের নির্ধারিত মূল্যের বাইরে প্রায় একশ’ কোটি টাকা বেশি দেওয়া হয়েছিলো এ সেতুর নির্মাতা প্রতিষ্ঠানকে। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করেন। এতে দেখা যায়, ওই টাকা নিয়ম মেনেই দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর সড়ক ও জনপথ বিভাগে দায়িত্বপ্রাপ্ত দলটি চারদলীয় জোট সরকারের সময় ভৈরব সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ আনে। এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ মন্ত্রীকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। মন্ত্রীদের মধ্যে ছিলেন- প্রয়াত আবদুল মান্নান ভুঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, নাজমুল হুদা, আলতাফ হোসেন চৌধুরী ও আমিনুল হক। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও এ কে এম মোশাররফ হোসেনকেও চিঠি দেওয়া হয়। খালেদা জিয়ার কাছে তিন দফায় দেওয়া চিঠির জবাব দিয়েছিলেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। অভিযোগ উঠেছিলো, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নিয়মের বাইরে ওই অতিরিক্ত টাকা নির্মাণকারী প্রতিষ্ঠানকে দিয়েছিল। ওই সেতুর নির্মাণ কাজ পেয়েছিল যুক্তরাজ্যের প্রতিষ্ঠান অ্যাডমন্ড নাটাল। তবে দুদকের অনুসন্ধান দেখা যায়, অতিরিক্ত টাকা আদায়ের জন্য আন্তর্জাতিক দুটি প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছিল অ্যাডমন্ড নাটাল। ওই দুটি প্রতিষ্ঠানই বাংলাদেশ সরকারকে অতিরিক্ত টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই ওই টাকা দেওয়া হয়েছিল। বিষয়টি অনুসন্ধান শেষে দুদক বলেছে, যথাযথ প্রক্রিয়া মেনেই ওই অতিরিক্ত টাকা দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এমআই/১৬৪৫ ঘ.