টাঙ্গাইল, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ রাজনীতিবিদ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি শামছুর রহমান খান শাহজাহান মারা গেছেন।
সোমবার ভোরে টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় নিজ বাসভবনে মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক এই যুগ্ম সম্পাদকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮১ বছর।
দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
বাদ জোহর তার গ্রামের বাড়ি ঘাটাইলে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লাশ রাখা হলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এরপর টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাংসদ শওকত মোমেন শাহজাহান, আবুল কাশেম ও আব্দুল বাতেন, দলের জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদসহ, পৌর মেয়র শহিদুর রহমান খান মুক্তি, মধুপুর পৌর মেয়র সরকার শহিদ, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীসহ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ফুলের তোড়া দিয়ে শামসুর রহমান খান শাজাহানের মরদেহে শেষ শ্রদ্ধা জনান।
শামসুর রহমান খান শাজাহান ১৯৫৪ থেকে ৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৬৫ থেকে ৬৬ সাল পর্যন্ত ছিলেন টাঙ্গাইল মহকুমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
১৯৭৩ ও ১৯৭৯ সালে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
ঘাটাইল উপজেলার বাগুনতা গ্রামে তার জন্ম। ১৯৪৯ সালে বিন্দুবাসিনী হাই স্কুল থেকে ম্যাট্রিক, করটিয়া সা’দত কলেজ থেকে বিএ এবং ঢাকা সিটি ল কলেজ থেকে ১৯৬৭ সালে এলএলবি পাস করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.
bdnews24