২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগে তত্ত্বাবধায়ক, পরে নির্বাচন কমিশন: খালেদা

খালেদা জিয়া বলেছেন, রাষ্ট্রপতির সংলাপ ফলপ্রসূ করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আলোচনা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, রাষ্ট্রপতির সংলাপ ফলপ্রসূ করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আলোচনা করতে হবে। রোববার বিকালে এক ছাত্র সমাবেশে তিনি বলেন, “রাষ্ট্রপতি সবার ঊর্ধ্বে। আমরা তাকে সম্মান করি, তাই সংলাপে যাব। “রাষ্ট্রপতিকে বলব, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সামনে রাখুন। ওইরকম সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না।” আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করে তারপর নির্বাচন কমিশন নিয়ে আলোচনার দাবি জানান বিএনপি চেয়ারপার্সন। তিনি বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে না।” রাষ্ট্রপতির সংলাপে গত ২৬ ডিসেম্বর আমন্ত্রণ পাওয়ার পর থেকে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আসছেন, বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী সংসদ নির্বাচনে যাবে না তাই তারা সংলাপে রাষ্ট্রপতিকে জানাবেন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি শেষ হতে যাওয়ার পটভূমিতে নতুন কমিশন গঠনে মত দিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ২২ ডিসেম্বর সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। আগামী ১১ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপের সময়সূচি নির্ধারিত রয়েছে। গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে এ ব্যবস্থা পুনর্বহালের দাবি এবং এ দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। রোববারের ছাত্র সমাবেশ হয় জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশনে। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় প্রতিকৃতি ও উৎসব পতাকা দিয়ে সমাবেশ স্থলকে বর্ণিলভাবে সাজানো হয়। ইংরেজি নতুন বছরে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হবে বলে সমাবেশে ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, “একটি কমিটি দীর্ঘদিন থাকলে নেতৃত্ব বিকাশে বাধার সৃষ্টি হয়। আগামী সর্বস্তরে নির্বাচনে মাধ্যমে নেতা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ইংরেজি নতুন বছরে নতুন কমিটি উপহার দেওয়ার জন্য আমি ছাত্র বিষয়ক সম্পাদককে বলেছি।” ভালো, মেধাবী, বিশ্বস্ত, আনুগত্যশী ও যোগ্য নেতাদের নিয়ে নতুন কমিটি করা হবে বলে উল্লেখ করেন তিনি। ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি মেয়াদোত্তীর্ণ। দুই বছর মেয়াদী এ কমিটির মেয়াদ গত বছরের জানুয়ারিতে শেষ হয়। এর পর থেকে নেতা-কর্মীরা নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে আসছে। এ দাবিতে গত জুলাইয়ের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনের চার তলায় ছাত্রদলের অফিসে একদল কর্মী ভাংচুরও করে। সকালে শেরে বাংলা নগরে প্রয়াত জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে। সমাবেশের মূল মঞ্চে ছাত্রদলের সাবেক নেতা এনামূল কবির শহীদ, অধ্যাপক গোলাম হোসেন, শামসুজ্জামান দুদু, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, এ বি এম মোশাররফ হোসেন, শিরিন সুলতানা, মীর শরফত আলী সপু প্রমুখ ছিলেন। দুপুর সোয়া ৩টায় খালেদা জিয়া সমাবেশস্থলে এসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন ও কবুতর উড়িয়ে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল শোক প্রস্তাব, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শপথ পাঠ করান। ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহসভাপতি হায়দার আলী লেলিন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আর এ গনি, মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ওসমান ফারুক, মুশফিকুর রহমান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবদিন ফারুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনম ইউসুফ হায়দার, সদরুল আমিন প্র্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আহবান “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা-কর্মীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে রাখা হয়েছে” দাবি করে খালেদা জিয়া বলেন, “এর ফলে ছাত্রদলের শিক্ষার্থীরা ছাত্রাবাসে থাকতে পারে না। এজন্য তাদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একেবারে এক্ষেত্রে নির্বিকার।” “আমি ভিসিকে বলব, আপনি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। আপনি নিরপেক্ষ থাকুন,” যোগ করেন তিনি। শিক্ষা ব্যয় বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। খালেদা জিয়া বলেন, “সরকার দেশে বিদেশি চলচিত্র প্রর্দশনের সুযোগ দিয়ে দেশি চলচিত্রকে হুমকির মুখে ফেলেছে। আমাদের সংস্কৃতি আজ বিদেশি সংস্কৃতির আগ্রসনের মুখে পড়েছে।” মুক্তিযুদ্ধের বাণিজ্যিকীকরণের অভিযোগ খালেদা জিয়া অভিযোগ করেন, “সরকার মুক্তিযুদ্ধকে রাজনৈতিক বাণিজ্যের পণ্য হিসেবে ব্যবহার করছে। নানা বিভ্রান্তি ছড়িয়ে তারা সমস্যা থেকে জনগণের দৃষ্টি আড়াল করতে চায়।” সরকারের ‘দ্বৈতনীতির’ সমালোচনা করে তিনি বলেন, “একদিকে ক্ষমতাসীনরা নিজেদের সব মামলা তুলে নিচ্ছে। অন্যদিকে বিরোধী দলের মামলা প্রত্যাহার তো দূরের কথা নতুন নতুন মামলা নিয়ে বিরোধী দলকে নির্মূল করার ষড়যন্ত্র করছে সরকার।” র‌্যাবের সমালোচনা

চার লীয় জোট সরকারের আমলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “আমরা এই আধুনিক বাহিনী গঠন করেছিলাম সন্ত্রাস দমনের জন্য। আবদুর রহমান, বাংলা ভাইয়ের মতো জঙ্গি এই র‌্যাব গ্রেপ্তার করে প্রশংসা কুড়িয়েছে। বর্তমান সরকার র‌্যাবকে বিরোধী দল দমনের কাজে ব্যবহার করছে। ফলে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।”

বিভিন্ন স্থানে বিরোধীদলের নেতা-কর্মীরা গুপ্তহত্যার জন্য সরকারকে অভিযুক্ত করেন তিনি।

সরকারকে ‘গণতন্ত্রের পথে’ আসার আহবান

বর্তমান সরকার সাজানো পাতানো নির্বাচন করার পাঁয়তারা করছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, “এর মাধ্যমে গণতন্ত্রের পথে স্বাভাবিক নিয়মে ক্ষমতা হন্তান্তরের সব পথ বন্ধ হয়ে যাচ্ছে।

“তাই সরকারকে বলব, এই আত্মজিঘাংসার পথ পরিহার করুন। গণতন্ত্রের পথে আসুন।”

এরশাদ ‘স্বাধীনতাবিরোধী’

ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন খালেদা জিয়া।

তিনি বলেন, “তিনি [এরশাদ] স্বাধীনতা বিপক্ষের শক্তি। কারণ একাত্তরে এরশাদ ভূমিকা বির্তকিত ছিলো।”

জামায়াতের ইসলামীর সঙ্গে ১৯৯৬ সালে আওয়ামী লীগের ঐক্য ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক সঙ্গে আন্দোলনের কথা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, “একসঙ্গে বসে তারা জ্বালাও-পোড়াও করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির দাবি বাস্তবায়ন করেছে। ওই দলটি এখন আওয়ামী লীগের সঙ্গে নেই বলে তারা স্বাধীনতাবিরোধী হয়ে গেছে।”

৫০ মিনিটের বক্তব্যে খালেদা জিয়ার দেশের বর্তমান অর্থনৈতিক-রাজনৈতিক পরিস্থিতি, কর্মসংস্থান, দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, পুঁজিবাজার, সরকারের ব্যর্থতা, দুর্নীতির চিত্র তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪৫ ঘ.