ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়েছেন তার স্ত্রী ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
দুপুর পৌনে ১টার দিকে খালেদা জিয়া শেরে বাংলা নগরে দলের জিয়ার কবরে ফুল দেন এবং ফাতেহা পাঠ করেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
মির্জা ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩৩ বছরে বিএনপি ইতিহাসের বাঁকে বাঁকে নানা চরাই-উৎরাই পার হয়ে আজ দেশের সর্ববৃহৎ ও সর্বাধিক জনপ্রিয় দলে পরিণত হয়েছে।"
এছাড়া দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে দলটি।
১৯৭৫ সালের ১৫ অগাস্টের পটপরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। এর আগে ওই বছরের ফেব্র"য়ারি মাসে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়। পরে তা বিএনপিতে বিলুপ্ত হয়।
শেরে বাংলা নগরে খালেদার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সহসভাপতি সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান খান আলিম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, এ জেড এম জাহিদ হোসেন, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, জিয়া বিগ্রেড মহাসচিব আবুল হোসেন।
চট্টগ্রামে পৃথক অনুষ্ঠান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পৃথক অনুষ্ঠান করেছেন বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটেন নোমানের অনুসারীরা। অন্যদিকে, নগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফুল দিলেও কোনো আলোচনা সভা করেননি।
বিএনপি'র সমর্থন নিয়ে নির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম দুই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/আরএ/পিডি/২০২৩ ঘ.
bdnews24