২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী গ্রেপ্তার সরকারের ষড়যন্ত্রেরই অংশ: বিএনপি

উচ্চ আদালত প্রাঙ্গনে আইনজীবী গ্রেপ্তারসহ বিভিন্ন ঘটনাকে সরকারের পরিকল্পিত 'ষড়যন্ত্র' বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালত প্রাঙ্গনে আইনজীবী গ্রেপ্তারসহ বিভিন্ন ঘটনাকে সরকারের পরিকল্পিত 'ষড়যন্ত্র' বলে অভিযোগ করেছে বিএনপি। তারা অবিলম্বে দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, গাজী তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক রাজনের মুক্তি দাবি করেছে। শুক্রবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই দাবি জানান। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং হয়। তিনি বলেন, আইনের পাদপিঠে ক্রমাগত বেআইনি কার্যক্রম চলছে। গত কয়েকদিন ধরে আদালত প্রাঙ্গনে সংঘটিত ঘটনা প্রবাহ সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বিশেষ। তারা আদালতের মাধ্যমে নিজেদের গণবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার কার্যক্রম জোরদার করেছে। আর এর ফলে দেশে গনতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে বৃহস্পতিবার আদালতে হট্টগোল সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করে পুলিশ। সংবিধান নিয়ে কটুক্তির অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি হয় মঙ্গলবার। ওই শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। বিএনপিপন্থী ১৪ জন আইনজীবীর বিরুদ্ধে সেদিনই মামলা করে পুলিশ। এছাড়া বৃহস্পতিবার রাতে হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৯ আইনজীবীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন হাইকোর্টে হট্টগোলের মামলার তদন্ত কর্মকর্তা। গ্রেপ্তারকৃত তিন আইনজীবিকে শাহবাগ থানা থেকে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়ার ব্যাখ্যা দাবি করে নজরুল ইসলাম খান বলেন, তিন আইনজীবীর নামে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। অথচ তাদের রাতে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। এটা রহস্যজনক। তিনি জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী অবরুদ্ধ হয়ে আছেন। তিনি বেরুলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে। উচ্চ আদালত ভবনে এ ধরণের পরিস্থিতি নজীরবিহীন বলে মন্তব্য করেন নজরুল। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য, খাবার পানির চরম অভাব, বিদ্যুৎ-গ্যাসের তীব্র সঙ্কটে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঠিক এ সময়ে জনগনের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে হাইকোর্ট প্রাঙ্গণে গত কয়েকদিন যেসব ঘটনা ঘটেছে, তা সরকারের সেই অপকৌশলেরই অংশ। গ্রেপ্তারকৃত আইনজীবীদের সঙ্গে তাদের আইনজীবীকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি আইনজীবীর মুক্তির দাবির পাশাপাশি তাদের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার এবং বিচারকদের দলীয় আনুগত্য প্রমাণের প্রতিযোগিতা থেকে বিরত থাকার আহ্বান জানান। সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৪৩ ঘ.