ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া তিনটি নির্বাচন জনগণের আশা পূরণ করতে পারেনি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সুষ্ঠু নির্বাচন হয়।
'শোকের মাস অগাস্ট' উপলক্ষে সোমবার কৃষক লীগের রক্তদান কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে তিনটি নির্বাচন হয়েছে, সেসব নির্বাচন মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারেনি। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।"
১৯৯৬ সালে বিএনপি সরকার ক্ষমতা থাকাকালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। সে সময় আওয়ামী লীগ এই ব্যবস্থার পক্ষে আন্দোলন করলেও চলতি বছর আওয়ামী লীগ সরকারের সময়েই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা বিলোপ করা হয়।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত হওয়ায় আগামী জাতীয় নির্বাচন বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। প্রধান বিরোধী দল বিএনপি বলে আসছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকলে তারা নির্বাচননে অংশ নেবে না।
আওয়ামী লীগ সভনেত্রী হাসিনা দাবি করেন, "আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোনো নির্বাচনে হস্তক্ষেপ করেনি। প্রতিটি নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়েছে। নির্বাচনের সময় প্রশাসন ছিল নির্বাচন কমিশনের অধীনে। যখন যাকে খুশি সাসপেন্ড করেছে, যখন যাকে যেখানে খুশি দায়িত্ব দিয়েছে।"
শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সুষ্ঠু নির্বাচন হয় বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
বিএনপি ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন 'কোনোভাবেই' সম্ভব না- এমন মন্তব্য করে তিনি বলেন, "মাগুরা নির্বাচনের কথা সবার মনে আছে। তাদের আমলে সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ, তাদের জন্মই অবৈধভাবে।"
অযথা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে গঠনমূলক সমালোচনা করার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহবান জানান হাসিনা।
১৯৭৫ এর ১৫ অগাস্ট সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনা স্মরণ করে বঙ্গবন্ধুকন্যা হাসিনা বলেন, "আমার মা, আমার ভাই আর আমার ভাইয়ের স্ত্রীরা কী অপরাধ করেছিলো? শিশু রাসেলকে সবার শেষে নিমর্মভাবে হত্যা করা হয়েছিলো।"
এই 'খুনীদের' বিচারের হাত থেকে রক্ষা করতে 'ইনডেমনিটি অধ্যাদেশ' জারির কথা উল্লেখ করে তিনি বলেন, এমন নজীর পৃথিবীর আর কোথাও নেই।"
শেখ হাসিনা অভিযোগ করেন- "জিয়াউর রহমান এই খুনীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দিয়েছে।"
বঙ্গবন্ধু কন্যা বলেন, "খুনীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ছিল জিয়ার কাজ। জেনারেল এরশাদও এই খুনীদের প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো। জিয়ার স্ত্রী খুনীদের প্রশ্রয় নিয়েছে। খুনীদের সংসদে বসিয়ে কালো আইন করেছে। সে আইন দিয়ে তিনটা নির্বাচন হয়েছে। তারা জঙ্গীবাদ সৃষ্টি করেছে।"
একাত্তরের পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতে বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
কৃষক লীগের সভাপতি মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা বক্তব্য দেন।
এর আগে ১ অগাস্টের প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে শপথ নিয়ে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এবং আলোর মিছিল করে 'শোকের মাসের' কর্মসূচি শুরু করে সংগঠনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫০১ ঘ.
bdnews24